ভেনেজুয়েলা সরকার বৃহস্পতিবার ৮৮ জন ভিন্নমতাবলম্বীকে মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছে। ২০২৪ সালের জুলাইয়ে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে নিকোলাস মাদুরোর জয়ের বিরুদ্ধে বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে তারা আটক ছিলেন। খবর বার্তা সংস্থা এএফপি’র।
২০২৪ সালের ওই নির্বাচনে বিরোধী দল নিরঙ্কুশ জয়ের দাবি করলেও মাদুরো নিজেকে তৃতীয় মেয়াদে বিজয়ী ঘোষণা করেন। এর ফলে দেশজুড়ে ব্যাপক অস্থিরতা ছড়িয়ে পড়ে। বিক্ষোভ চলাকালে অন্তত ২৮ জন নিহত হন এবং কর্তৃপক্ষের দমন-পীড়নের মুখে অপ্রাপ্তবয়স্কসহ প্রায় ২ হাজার ৪০০ জনকে গ্রেপ্তার করা হয়।
সরকারি হিসাব অনুযায়ী, এ পর্যন্ত ২ হাজারেরও বেশি মানুষ মুক্তি পেয়েছেন। দেশটির কারা মন্ত্রণালয় জানায়, বৃহস্পতিবার নতুন করে যে ৮৮ জনকে মুক্তি দেওয়া হয়েছে, তারা ‘চরমপন্থী গোষ্ঠীর সহিংস কর্মকাণ্ডে জড়িত থাকার’ অভিযোগে কারাবন্দি ছিলেন। এর আগে দুটি মানবাধিকার সংগঠনও অন্তত ৮৭ জন বন্দির মুক্তির খবর নিশ্চিত করে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর চাপের মুখে থাকা মাদুরো প্রশাসনের পক্ষ থেকে এক সপ্তাহের মধ্যে এটি দ্বিতীয় বড় কোনো মুক্তির পদক্ষেপ। গত ২৫ ডিসেম্বর ‘শান্তি ও সংলাপ ও ন্যায়বিচারের’ প্রতি রাষ্ট্রের অঙ্গীকার হিসেবে ৯৯ জন বন্দিকে মুক্তি দেয় সরকার। মূলত ট্রাম্প প্রশাসনের সামরিক অভিযানের হুমকির মুখে পড়ে মাদুরো সম্প্রতি কিছুটা নমনীয় মনোভাব দেখাচ্ছেন বলে ধারণা করা হচ্ছে। ট্রাম্প সরাসরি মাদুরোর বিরুদ্ধে মাদক পাচার ও সন্ত্রাসবাদের অভিযোগ এনেছেন।
সূত্র: এএফপি
এসজেড