ঢাকা | বঙ্গাব্দ

আবার কারাগারে বোলসোনারো

৭০ বছর বয়সী বোলসোনারো এক সপ্তাহেরও বেশি সময় হাসপাতালে ভর্তি ছিলেন। এ সময় তার হার্নিয়ার অস্ত্রোপচার করা হয়।
  • অনলাইন ডেস্ক | ০২ জানুয়ারি, ২০২৬
আবার কারাগারে বোলসোনারো জাইর বলসোনারো।

অভ্যুত্থানের ষড়যন্ত্রের দায়ে দেওয়া ২৭ বছরের কারাদণ্ড ভোগ পুনরায় শুরু করতে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বোলসোনারো বৃহস্পতিবার একটি হাসপাতাল ছেড়ে আবার কারাগারে ফিরেছেন। ব্রাসিলিয়া থেকে এএফপি  জানায়, দিনের শুরুতে প্রকাশিত এক রায়ে বিচারকরা স্বাস্থ্যগত কারণ দেখিয়ে গৃহবন্দী করার জন্য বলসোনারোর আইনজীবীদের করা আবেদন নাকচ করেন।


৭০ বছর বয়সী বোলসোনারো এক সপ্তাহেরও বেশি সময় হাসপাতালে ভর্তি ছিলেন। এ সময় তার হার্নিয়ার অস্ত্রোপচার করা হয় এবং পরে বারবার দেখা দেওয়া হেঁচকির চিকিৎসায় আরেকটি প্রক্রিয়া সম্পন্ন করা হয়। গৃহবন্দীর আবেদন প্রত্যাখ্যান করে দেওয়া রায়ে বিচারক আলেক্সান্দ্রে দে মোরায়েস বলেন, ‘বিবাদী পক্ষের দাবি অনুযায়ী জাইর মেসিয়াস বোলসোনারোর স্বাস্থ্যের কোনো অবনতি ঘটেনি।’


২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত দায়িত্বে থাকা সাবেক এই প্রেসিডেন্ট ২০১৮ সালের নির্বাচনী প্রচারণার সময় এক সমাবেশে পেটে ছুরিকাঘাতে আহত হওয়ার পর থেকে দীর্ঘদিন ধরে জটিলতায় ভুগছেন। এ কারণে তাঁকে একাধিক বড় ধরনের অস্ত্রোপচার করাতে হয়েছে।


বৃহস্পতিবার ব্রাসিলিয়ার ডিএফ স্টার হাসপাতাল থেকে পুলিশ হেফাজতে বের হতে দেখা যায় বোলসোনারোকে। সেখান থেকে তাকে ফেডারেল পুলিশের একটি স্থাপনায় নেওয়া হয়, যেখানে একটি ছোট কক্ষে তিনি তার সাজা ভোগ করছেন।


সূত্র: এএফপি


এসজেড