ঢাকা | বঙ্গাব্দ

ঘুষ নেওয়ার সময় হাতেনাতে ধরা খেলেন শিক্ষা কর্মকর্তা

মৃত শিক্ষিকার পেনশনের ফাইল অনুমোদনের বিনিময়ে সোয়া লাখ টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে গ্রেপ্তার হয়েছেন যশোরের জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আশরাফুল আলম।
  • নিজস্ব প্রতিবেদক | ০৭ জানুয়ারি, ২০২৬
ঘুষ নেওয়ার সময় হাতেনাতে ধরা খেলেন শিক্ষা কর্মকর্তা ছবি : সংগৃহীত।

মৃত শিক্ষিকার পেনশনের ফাইল অনুমোদনের বিনিময়ে সোয়া লাখ টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে গ্রেপ্তার হয়েছেন যশোরের জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আশরাফুল আলম। বুধবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি বিশেষ টিম জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করে।

ভুক্তভোগী মো. নুরুন্নবী জানান, তার স্ত্রী শিরিনা আক্তার ঝিকরগাছার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত থাকাকালীন গত বছর মারা যান। স্ত্রীর পেনশনের ফাইল অনুমোদনের জন্য জেলা শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলম ১ লাখ ২০ হাজার টাকা ঘুষ দাবি করেন। এ বিষয়ে নুরুন্নবী আগেভাগেই দুদক যশোর সমন্বিত জেলা কার্যালয়ে অভিযোগ জানান।


অভিযোগের ভিত্তিতে দুদকের একটি দল বুধবার বিকেলে শিক্ষা কার্যালয়ে ওত পেতে থাকে। নুরুন্নবী ঘুষের টাকা আশরাফুল আলমের হাতে তুলে দেওয়ার পরপরই দুদক কর্মকর্তারা তাকে হাতেনাতে আটক করেন। এসময় তার কাছ থেকে ঘুষের পুরো টাকা উদ্ধার করা হয়।

দুদক যশোর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন বিষয়টি নিশ্চিত করে জানান, ঘুষ নেওয়ার দায়ে ওই কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাকে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

thebgbd.com/NA