পাহাড়সম চাপ। খড়কুটো আকঁড়ে ধরে কোনোমতে ভেসে থাকার চেষ্টা চালানো রিয়াল মাদ্রিদের জন্য একটি জয় কতটা জরুরি ছিল সেটা ভাষায় প্রকাশ করা বেশ কঠিনই। টানা দুই শিরোপা হাতছাড়া হওয়া ম্যাচের পর স্বস্তির এক জয় পেল রিয়াল।
লা লিগায় আজ লেভান্তের বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। জাবি আলোনসোর সাত মাসের টালমাটাল পর্ব শেষে নতুন কোচ আলভেরো আরবেলোয়ার দলের দ্বিতীয় ম্যাচে প্রথম জয় এটি। দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে কিলিয়ান এমবাপ্পের গোলের পর ব্যবধান আরেক দফা বাড়ানো গোলটি আসে রাউল অ্যাসেন্সিও এর নৈপুণ্যে।
এই জয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার সঙ্গে ব্যবধান এক পয়েন্টে নামিয়ে আনল রিয়াল। বার্সা থেকে এক ম্যাচ বেশি খেলে ২০ ম্যাচে ৪৮ পয়েন্ট লস ব্লাঙ্কোসদের। আর অবনমন অঞ্চলে থাকা লেভান্তে ১৯ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে ১৯ নম্বরে আছে।
সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদের জন্য প্রথমার্ধ ছিল হতাশাজনক। তবে বিরতির পর আক্রমণের বেগ বাড়ায় রিয়াল। আর্দা গুলার ও মাস্তানতুওনোর বদলির পর মাঠের খেলায় বেশ পরিবর্তন আসে স্বাগতিকদের।
গুলারের দারুণ একটি শট প্রতিপক্ষের গোলকিপার সেভ করার কিছুক্ষণ পরই এমবাপে একটি পেনাল্টি জিতে নেন। ৫৮ মিনিটে স্পট কিক থেকে রিয়ালকে এগিয়ে দিতে কোনো ভুল করেননি ফরাসি তারকা ফরোয়ার্ড। লিগে ২০২৫-২৬ মৌসুমে লিগে ১৯ ম্যাচে ২৭ বছর বয়সী ফরোয়ার্ডের গোলসংখ্য দাড়ালো ১৯।
এমবাপের গোলের সাত মিনিটেরও কম সময় পরে, গুলারের নির্ভুল কর্নার থেকে আসেনসিওর শক্তিশালী হেডারে ২-০ ব্যবধানে এগিয়ে যায় আরবেলোয়ার রিয়াল মাদ্রিদ। তারপর একতরফা গতিতেই চলতে থাকে ম্যাচ। অবনমন অঞ্চলে থাকা সফরকারী লেভান্তের জালে একাধিকবার বল পাঠানোর সুযোগ পেয়েছিলেন এমবাপে ও বেলিংহাম। তবে অতিথি দলের গোলকিপার ম্যাথু রায়ান মোট নয়টি দুর্দান্ত সেভ করে রিয়ালের জয়ের ব্যবধান বাড়ানোর চেষ্টা ঠেকিয়ে দেন।
বিভীষিকাময় মৌসুম কাটানো রিয়াল মাদ্রিদের পরের ম্যাচ মোনাকোর বিপক্ষে। চ্যাম্পিয়ন্স লিগে আগামী বুধবার ফরাসি ক্লাবটিকে আতিথ্য দেবে এই প্রতিযোগিতার সবচেয়ে সফল দল রিয়াল।
thebgbd.com/NIT