বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সিলেট থেকে তার নির্বাচনী সফর শুরু করছেন। সফরের অংশ হিসেবে সিলেট বিভাগ ও আশপাশের কয়েকটি জেলায় ধারাবাহিক নির্বাচনী সমাবেশে যোগ দেবেন তিনি।
দলীয় সূত্র জানায়, বুধবার রাতে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেন তিনি। বৃহস্পতিবার সকালে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে অংশ নেবেন তারেক রহমান। এরপর দুপুরে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর আইনপুর খেলার মাঠে অনুষ্ঠিত সমাবেশে যোগ দেবেন।
যাত্রাপথে তিনি হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলায় প্রস্তাবিত নতুন উপজেলা পরিষদ মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে অংশ নেবেন। এরপর ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার কুট্টাপাড়া ফুটবল খেলার মাঠে আরেকটি নির্বাচনী সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে।
বিকেলে কিশোরগঞ্জ জেলার ভৈরব স্টেডিয়ামে অনুষ্ঠিত সমাবেশে ভাষণ দেবেন বিএনপি চেয়ারম্যান। যাত্রাপথে নরসিংদী পৌর পার্ক সংলগ্ন নির্বাচনী সমাবেশেও অংশ নেবেন তিনি।
এছাড়া নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার অথবা রূপগঞ্জের গাউছিয়া এলাকায় আয়োজিত নির্বাচনী সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের।
সবশেষে গভীর রাতে তিনি গুলশানের নিজ বাসভবনে ফিরবেন বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে।
thebgbd.com/NA