ঢাকা | বঙ্গাব্দ

দালাই লামার প্রথম গ্র্যামি

গাঢ় লাল আলখাল্লা, সাধারণ স্যান্ডেল ও বড় ফ্রেমের চশমা পরিহিত দালাই লামা বিশ্ব তারকা হিসেবে কিছুটা অপ্রত্যাশিতই।
  • অনলাইন ডেস্ক | ০২ ফেব্রুয়ারি, ২০২৬
দালাই লামার প্রথম গ্র্যামি দালাই লামা।

বৌদ্ধ ধর্মীয় নেতা দালাই লামা সোমবার তার প্রথম গ্র্যামি পুরস্কার পাওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। অডিও বুক, বর্ণনা ও গল্প বলার বিভাগে সংগীত শিল্পের সর্বোচ্চ এই স্বীকৃতি অর্জন করেন তিনি। ৯০ বছর বয়সী এই প্রভাবশালী ধর্মগুরু বর্তমানে ভারতে নির্বাসিত জীবন যাপন করছেন। তিব্বতের জন্য বৃহত্তর স্বায়ত্তশাসনের দাবিতে দীর্ঘদিন ধরে চালানো তার নিরলস প্রচেষ্টার কারণে তিনি বিশ্বজুড়ে প্রশংসিত। তবে বেইজিংয়ের দাবি, তিব্বত চীনের অবিচ্ছেদ্য অংশ।


নয়াদিল্লি থেকে এএফপি জানায়, লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত গ্র্যামি পুরস্কার অনুষ্ঠানে তার বই Meditations: The Reflections of His Holiness the Dalai Lama-এর জন্য তাকে বিজয়ী ঘোষণা করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ‘আমি কৃতজ্ঞতা ও বিনয়ের সঙ্গে এই স্বীকৃতি গ্রহণ করছি। এটিকে আমি ব্যক্তিগত অর্জন হিসেবে দেখি না; বরং আমাদের যৌথ সার্বজনিক দায়িত্বের স্বীকৃতি হিসেবেই দেখি।’


গাঢ় লাল আলখাল্লা, সাধারণ স্যান্ডেল ও বড় ফ্রেমের চশমা পরিহিত দালাই লামা বিশ্ব তারকা হিসেবে কিছুটা অপ্রত্যাশিতই। তিনি আরও বলেন, ‘আমি গভীরভাবে বিশ্বাস করি- শান্তি, করুণা, পরিবেশের যত্ন এবং মানবজাতির ঐক্যের উপলব্ধি- এই আট বিলিয়ন মানুষের সামষ্টিক কল্যাণের জন্য অপরিহার্য।’


সূত্র: এএফপি


এসজেড