সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ কুখ্যাত যৌন অপরাধীর জেফরি এপস্টেইনের নতুন লাখ লাখ নথি প্রকাশ করেছে। এরপর থেকেই বিশ্বজুড়ে আলোচনায় তিনি। তার বিকৃত যৌনতার শিকার ব্যক্তিদের জবানবন্দি নির্মিত হয়েছে ‘জেফরি এপস্টেইন: ফিলথি রিচ’।
‘জেফরি এপস্টেইন: ফিলথি রিচ’ হলো নেটফ্লিক্সের একটি আলোচিত ক্রাইম ডকুমেন্টারি। এটি ২০২০ সালে মুক্তি পায়। এতে কুখ্যাত মার্কিন ধনকুবের ও যৌন অপরাধী জেফরি এপস্টেইনের জীবনের অন্ধকার দিকগুলো তুলে ধরা হয়েছে।
ডকুমেন্টারিতে জেফরি এপস্টেইনের ক্ষমতার অপব্যবহার এবং একটি আন্তর্জাতিক যৌন পাচার চক্র গড়ে তোলার কাহিনি উঠে এসেছে। সিরিজে দেখানো হয়েছে কীভাবে তিনি তার অঢেল সম্পদ এবং উচ্চপদস্থ ব্যক্তিদের ঢাল হিসেবে ব্যবহার করে দশকের পর দশক ধরে অল্পবয়সী মেয়েদের ওপর যৌন নিপীড়ন চালিয়েছেন।
তার নির্যাতনের হাত থেকে বেঁচে যাওয়া নারীদের জবানবন্দি নেওয়া হয়েছে। সাক্ষাৎকার ভুক্তভোগীরা তাদের সঙ্গে ঘটে যাওয়া নির্যাতনের কথা প্রকাশ করেছেন। পাশাপাশি এপস্টেইনের ফাঁদের ফেলানোর কৌশল এবং ক্ষমতার দাপটে কীভাবে অপরাধ ধামাচাপা দেওয়া হয় তা তুলে ধরা হয়েছে। ডকুমেন্টারিটিতে এপস্টেইনের সঙ্গে বিশ্বের অনেক ক্ষমতাধর ও প্রভাবশালী ব্যক্তির সম্পর্কে ইঙ্গিত দেওয়া হয়েছে।
জেমস প্যাটারসন ও জন কনোলির বইয়ের ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে ‘জেফরি এপস্টেইন: ফিলথি রিচ’। চার পর্বের সিরিজটি পরিচালনা করেছেন লিসা ব্রায়ান্ট।
প্রসঙ্গত, ২০১৯ সালে জেফরি এপস্টেইন জেলখানায় রহস্যজনক মৃত্যুর পর সিরিজটি বিশ্বজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে হোয়াইট হাউস পর্যন্ত বিস্তৃত প্রভাবশালী মহলের সঙ্গে এপস্টেইনের যোগাযোগ ও তার অপরাধের নেটওয়ার্ক ছিল।
thebgbd.com/NIT