ঢাকা | বঙ্গাব্দ

কারাকাসে হাজারো মানুষের মিছিল

সরকারের ডাকে আয়োজিত এই মিছিল কয়েক শ মিটারজুড়ে মিছিলের পাশাপাশি ট্রাকে উচ্চস্বরে গান বাজানো হয়।
  • অনলাইন ডেস্ক | ০৪ ফেব্রুয়ারি, ২০২৬
কারাকাসে হাজারো মানুষের মিছিল ভেনিজুয়েলা।

নিকোলাস মাদুরোর মুক্তির দাবিতে রাজধানী কারাকাসে মঙ্গলবার হাজার হাজার মানুষ মিছিল করেছে। প্রাণঘাতী এক মার্কিন সামরিক অভিযানে ক্ষমতাচ্যুত হওয়ার এক মাস পূর্তিতে তার সমর্থকেরা রাজপথে নামে। ‘ভেনিজুয়েলার প্রয়োজন নিকোলাস’—এমন স্লোগানে মুখর ছিল মিছিলটি। এক মাস আগে নাটকীয়ভাবে ক্ষমতাচ্যুত হয়ে মাদুরোকে নিউইয়র্কে মাদক মামলার বিচারের মুখোমুখি করা হয়। কারাকাস থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।


এরপর থেকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রড্রিগজ কঠিন সমীকরণের মধ্যে রয়েছেন। একদিকে ওয়াশিংটনের সমর্থন ধরে রাখা, অন্যদিকে সরকারে থাকা মাদুরোপন্থী নেতা ও সাধারণ মানুষের সমর্থন বজায় রাখা—দুই চাপই সামলাতে হচ্ছে তাকে। মিছিলে অনেকেই অংশ নেয়। যাদের বড় একটি অংশ সরকারি কর্মচারী। তারা মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসের ছবি বহন করেন। যুক্তরাষ্ট্রের ওই অভিযানে ফ্লোরেসকেও আটক করা হয়।


সরকারের ডাকে আয়োজিত এই মিছিল কয়েক শ মিটারজুড়ে মিছিলের পাশাপাশি ট্রাকে উচ্চস্বরে গান বাজানো হয়। অনেক বিক্ষোভকারী ‘চাভিস্তা’ আন্দোলনের লাল রঙের পোশাক পরে ভেনিজুয়েলার পতাকা হাতে নিয়ে মিছিল করে। ‘চাভিস্তা’ ভেনিজুয়েলার সাবেক প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ প্রবর্তিত একটি বামপন্থী পপুলিস্ট মতাদর্শভিত্তিক রাজনৈতিক আন্দোলন, এই মতাদর্শের সমর্থকরা ‘চাভিস্তা’ নামে পরিচিত, যারা শ্যাভেজ ও পরবর্তীতে নিকোলাস মাদুরোর নীতি বাস্তবায়নে সক্রিয়।


৫৮ বছর বয়সী পৌর কর্মচারী হোসে পেরদোমো বলেন, ‘আমরা বিভ্রান্ত, দুঃখিত, ক্ষুব্ধ। অনেক আবেগ কাজ করছে।’ তিনি অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রড্রিগজের নেওয়া সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়ে বলেন, ‘আগে বা পরে আমাদের প্রেসিডেন্টকে মুক্তি দিতেই হবে।’


সূত্র: এএফপি


এসজেড