২০২২ সালে জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবেকে গুলি করে হত্যার দায়ে দোষী সাব্যস্ত বন্দুকধারী তার যাবজ্জীবন কারাদণ্ডের বিরুদ্ধে আপিল করেছেন। আজ বুধবার দেশটির সংবাদমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।
হত্যাকারী ৪৫ বছর বয়সী তেতসুয়া ইয়ামাগামিকে দুই সপ্তাহ আগে দেশটির নারা জেলার আদালতে দোষী সাব্যস্ত করা হয় এবং শিনজো আবেকে গুলি করে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। জাপানের পশ্চিমাঞ্চলীয় শহর নারায় নির্বাচনী প্রচারণায় ভাষণ দেওয়ার সময় ঘরে বানানো একটি বন্দুক দিয়ে আবেকে গুলি করে হত্যা করা হয়।
কয়োডো নিউজ, মাইনিচি শিম্বুন, জিজি প্রেস এবং আঞ্চলিক সম্প্রচারক এমবিএসসহ প্রধান জাপানি গণমাধ্যম জানিয়েছে যে ইয়ামাগামির আইনজীবীরা বুধবার আপিল দায়ের করেছেন। আপিলের বিষয়টি নিশ্চিতের জন্য তেতসুয়া ইয়ামাগামির আইনজীবীদের সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি।
সূত্র: এএফপি
এসজেড