ঢাকা | বঙ্গাব্দ

সামরিক যোগাযোগ পুনরায় শুরুতে সম্মত রাশিয়া ও যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র ও রুশ ফেডারেশন আজ আবুধাবিতে উচ্চপর্যায়ের সামরিক-সামরিক সংলাপ পুনঃস্থাপনে সম্মত হয়েছে।
  • অনলাইন ডেস্ক | ০৬ ফেব্রুয়ারি, ২০২৬
সামরিক যোগাযোগ পুনরায় শুরুতে সম্মত রাশিয়া ও যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র-রাশিয়া।

ইউক্রেন যুদ্ধ নিয়ে আবুধাবিতে অনুষ্ঠিত আলোচনায় বিশ্বের শীর্ষ দুই পারমাণবিক শক্তি রাশিয়া ও যুক্তরাষ্ট্র উচ্চপর্যায়ের সামরিক যোগাযোগ পুনরায় শুরু করতে সম্মত হয়েছে। দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার আক্রমণের আগে মস্কো ও ওয়াশিংটনের মধ্যে জ্যেষ্ঠ সামরিক সংলাপ স্থগিত করা হয়। সে সময় তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার সঙ্গে প্রায় সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করেন।


তবে গত বছর হোয়াইট হাউসে ফিরে আসার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মস্কোর সঙ্গে যোগাযোগ পুনরুদ্ধার করেন এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে একাধিক বৈঠক ও একটি শীর্ষ সম্মেলন করেন। আকুধাবি থেকে এএফপি জানায়, ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে সম্ভাব্য সমঝোতার খোঁজে আবুধাবিতে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের দুই দিনের আলোচনার পর সামরিক যোগাযোগ পুনরুদ্ধারের এ সিদ্ধান্ত আসে।


মস্কো ও ওয়াশিংটনের মধ্যে সর্বশেষ পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি নিউ স্টার্টের মেয়াদ শেষ হওয়ার কয়েক ঘণ্টা পরই এ ঘোষণা আসে, যা বৈশ্বিক অস্ত্র প্রতিযোগিতা শুরু হওয়ার আশঙ্কা তৈরি করেছে। মার্কিন সামরিক বাহিনীর ইউরোপীয় কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, ‘যুক্তরাষ্ট্র ও রুশ ফেডারেশন আজ আবুধাবিতে উচ্চপর্যায়ের সামরিক-সামরিক সংলাপ পুনঃস্থাপনে সম্মত হয়েছে।’ একই সঙ্গে বলা হয়, ‘দুই পক্ষ স্থায়ী শান্তির লক্ষ্যে কাজ চালিয়ে যাচ্ছে।’


বিবৃতিতে আরও বলা হয়, সামরিক বাহিনীগুলোর মধ্যে সংলাপ বজায় রাখা বৈশ্বিক স্থিতিশীলতা ও শান্তির জন্য গুরুত্বপূর্ণ এবং এর মাধ্যমে স্বচ্ছতা বৃদ্ধি ও উত্তেজনা প্রশমনের সুযোগ তৈরি হয়। এ বিষয়ে মস্কোর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।


সূত্র: এএফপি


এসজেড