নির্বাচিত হলে ঢাকা শহরকে নিরাপদ শহরে পরিণত করা হবে বলে প্রতিশ্রতি দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ঢাকা শহরে ৪০টি খেলার মাঠ তৈরি করবে বিএনপি। ঢাকাসহ সারাদেশের উন্নয়নের জন্য ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
রোববার (৮ ফেব্রুয়ারি) রাজধানীতে নির্বাচনি পথসভায় তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, স্বৈরাচার সরকার ১৪শ’ মানুষকে হত্যা করেছে। আহত হয়েছেন ২০ হাজার। তাদের অবদান বৃথা যেতে দিতে পারি না।
তিনি বলেন, গত ১৬ বছরে মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি, হয়েছে মেগা দুর্নীতি। মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হবে।
তারেক রহমান বলেন, ১২ তারিখ সরকার গঠন হলে কৃষকের পাশে দাঁড়াবে বিএনপি। দেওয়া হবে কৃষি কার্ড।
ক্ষমতায় আসলে ১০ হাজার সমমানের কৃষি মওকুফ করবে বিএনপি।
দেশকে পিছিয়ে দিয়ে গেছে বিগত স্বৈরাচার সরকার উল্লেখ করে, তিনি বলেন, বিগত সরকার ১৬ বিলিয়ন ডলার পাচার করেছে। এই দুর্নীতি যেকোনো মূল্যে বন্ধ করা হবে।
তারেক রহমান বলেন, ঢাকা ১৭ আসনে বাসিন্দাদের জন্য স্থায়ী বাসস্থান তৈরি করা হবে।
তিনি উল্লেখ করেন, জীবনের শেষ দিন পর্যন্ত মানুষের পাশে ছিলেন বেগম খালেদা জিয়া।
তারেক রহমান বলেন, আপনাদের বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন—সবার কাছে বিনীতভাবে অনুরোধ জানাবেন ১২ তারিখে ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার জন্য। আমি এই এলাকার সন্তান, আপনাদেরই সন্তান। ছোটবেলা থেকে এই এলাকায় বড় হয়েছি। তাই এই এলাকার মানুষের সেবা করার সুযোগ আমাকে দিন।
তিনি দেশবাসী ও এলাকাবাসীর কাছে দোয়া কামনা করে বলেন, ইনশাল্লাহ সুযোগ পেলে তিনি শুধু এই এলাকা নয়, সমগ্র বাংলাদেশ ও দেশের মানুষের জন্য কাজ করবেন।
thebgbd.com/NA