ঢাকা | বঙ্গাব্দ

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ হবে না

আরাঘচি বলেন, এই অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার পারমাণবিক কর্মসূচির বিষয়ে আস্থা তৈরির পদক্ষেপ হতে পারে।
  • অনলাইন ডেস্ক | ১০ ফেব্রুয়ারি, ২০২৬
ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ হবে না আব্বাস আরাঘচি।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি গতকাল রোববার জানিয়েছেন, তেহরান কখনোই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইউরেনিয়াম সমৃদ্ধি ত্যাগ করবে না। তিনি জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের যুদ্ধের হুমকিতে ইরান কোনভাবেই ভীত নয়। খবর বার্তা সংস্থা এএফপি’র।


ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি রোববার তেহরানে এএফপির অংশগ্রহণে এক ফোরামে বলেন, তেহরানের সঙ্গে ওয়াশিংটনের আলোচনাগুলোতে ইরান খুব কম বিশ্বাস স্থাপন করতে পারে এবং তিনি সন্দেহ প্রকাশ করেছেন মার্কিন পক্ষ পুনরায় আলোচনাকে গুরুত্বের সঙ্গে নিচ্ছে কি না।


পরে ইরানের শীর্ষ কূটনীতিক আব্বাস আরাঘচি জানিয়েছেন, ওমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু সমঝোতা বা চলমান আলোচনা নিয়ে ‘কৌশলগত অংশীদার’ চীন ও রাশিয়ার সঙ্গে নিয়মিত আলোচনার বিষয়ে পরামর্শ করছে তেহরান। আব্বাস আরাঘচি বলেন, ‘কেন আমরা সমৃদ্ধকরণের ওপর এত জোর দিচ্ছি এবং আমাদের ওপর যুদ্ধ চাপিয়ে দিলেও তা ত্যাগ করতে চাইছি না? কারণ আমরা মনে করি, আমাদের আচরণ নির্ধারণ করার অধিকার কারও নেই।’


আব্বাস আরব সাগরে একটি মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনের মোতায়েনের কথা উল্লেখ করে বলেন যে মার্কিন নৌবাহিনী মোতায়েনে আমরা ভীত নই। গত বছরের জুনে ইরানের সঙ্গে ইসরায়েলের ১২ দিনের যুদ্ধের পর গত শুক্রবার প্রথমবারের মতো ওমানে আলোচনা পুনরায় শুরু করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। ওই যুদ্ধে যুক্তরাষ্ট্র কিছু সময়ের জন্য যোগ দেয়।


ইরান চাইছে, তার ওপর থেকে মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হোক। আরাঘচি বলেন, এই অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার পারমাণবিক কর্মসূচির বিষয়ে আস্থা তৈরির পদক্ষেপ হতে পারে।


সূত্র: এএফপি


এসজেড