ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন তাসনিম জারা। নির্বাচনে তিনি জয় পাননি। এ আসনে বিএনপির প্রার্থী হাবিবুর রশীদ ১ লাখ ১১ হাজার ২১২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাসনিম জারা তৃতীয় অবস্থানে রয়েছেন ৪৪ হাজার ৬৮৪ ভোট পেয়ে।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল পৌনে চারটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে নির্বাচন–পরবর্তী ভাবনা তুলে ধরেন তিনি। সেখানে জানান, বিজয়ী প্রার্থী হাবিবুর রশীদকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন। পাশাপাশি গঠনমূলক শক্তি হিসেবে কাজ করার অঙ্গীকার করেন তবে জনগণের স্বার্থবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে সোচ্চার থাকার কথাও উল্লেখ করেন।
তাসনিম জারা লিখেছেন, একটি নির্বাচনের জন্য তাদের পথচলা শুরু হয়নি বরং রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনই তাদের লক্ষ্য যা দীর্ঘমেয়াদি প্রক্রিয়া।
জটিল সময়ে গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, তার দল এবং নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান তিনি।
ক্যাম্পেইনে নারীদের সক্রিয় অংশগ্রহণকে বড় অর্জন হিসেবে দেখছেন তাসনিম জারা। তার ভাষায়, নীতিনির্ধারণী আলোচনায় নারীরা থাকলে সিদ্ধান্ত গ্রহণের মান বদলে যায়।
তিনি আরও লেখেন,তিনি কোথাও যাচ্ছেন না। তিনি দেশেই থাকবেন এবং মানুষের কল্যাণে কাজ করে যাবেন।
উল্লেখ্য, তাসনিম জারা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ছিলেন এবং দলটির মনোনয়নেই প্রার্থী হন। পরে জামায়াতে ইসলামের সঙ্গে এনসিপির নির্বাচনী জোট গঠনের সিদ্ধান্তের পর তিনি পদত্যাগ করেন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা–৯ আসনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেন।
thebgbd.com/NA