ঢাকা | বঙ্গাব্দ

রেফারির সিদ্ধান্তে ক্ষুব্ধ বার্সেলোনা, নিল কড়া অবস্থান

  • নিজস্ব প্রতিবেদক | ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
রেফারির সিদ্ধান্তে ক্ষুব্ধ বার্সেলোনা, নিল কড়া অবস্থান ফাইল ছবি

কোপা দেল রে'র সেমিফাইনালের প্রথম লেগে অ্যাতলেটিকো মাদ্রিদের কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হয় বার্সেলোনা। সেই ম্যাচে বার্সা ডিফেন্ডার পাউ কুবার্সির একটি গোল ভিএআরের মাধ্যমে বাতিল করে রেফারি। শুধু তাই নয়, সেই কুবার্সি ম্যাচের শেষ দিকে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। শেষ পর্যন্ত রেফারির বিরুদ্ধে অভিযোগ করেছে কাতালান ক্লাবটি।


সেমিফাইনালের প্রথম লেগে বড় ব্যবধানে হারের পর রেফারিং নিয়ে ক্ষোভ ঝাড়েন বার্সা কোচ হান্সি ফ্লিক। এমনকি বার্সেলোনার সদ্য পদত্যাগ করা সভাপতি হোয়ান লাপোর্তাও কড়া বিবৃতি দেন। সেই প্রেক্ষিতে বার্সেলোনা স্পেনের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা র‌য়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)-এর কাছে আনুষ্ঠানিক অভিযোগপত্র পাঠিয়েছে।


বার্সেলোনা তাদের বিবৃতিতে জানিয়েছে, ‘এফসি বার্সেলোনা জানাচ্ছে যে, শনিবার (১৪ ফেব্রুয়ারি) ক্লাবটি স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতি, রেফারিদের টেকনিক্যাল কমিটির (সিটিএ) সভাপতি, ভিএআর বিভাগের প্রধান এবং লিগ্যাল অ্যাডভাইজরকে উদ্দেশ্য করে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে, চিঠিতে ক্লাবটি বারবার একই ধরনের মানদণ্ড প্রয়োগ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।’


বিবৃতিতে বার্সেলোনা পাঁচটি বিষয়ে উদ্বেগ তুলে ধরে। শাস্তিমূলক সিদ্ধান্তে অসঙ্গতি, হ্যান্ডবল সিদ্ধান্তে পরস্পরবিরোধী মানদণ্ড, গুরুত্বপূর্ণ ভুলের পুনরাবৃত্তি, ভিএআর ব্যবহারের প্রয়োগ ও স্বচ্ছতা ও মনিটর রিভিউয়ের মানদণ্ড।


বার্সা তাদের বিবৃতিতে আরও লিখে, ‘এই উদ্যোগের উদ্দেশ্য রেফারিদের পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তোলা নয়; বরং প্রয়োগ করা মানদণ্ড জরুরি ভিত্তিতে পুনর্বিবেচনার দাবি জানানো, যাতে নিশ্চিত করা যায়—প্রতিযোগিতার বিশ্বাসযোগ্যতা ও মর্যাদা, রেফারিং সিদ্ধান্তে অভিন্নতা ও সব ক্লাবের জন্য সমান আচরণ।’


এছাড়া, মাঠে রিভিউ হোক বা না হোক—ভিএআরের সব অডিও রেকর্ডিং প্রকাশ করার দাবি জানায় বার্সেলোনা, যা তারা স্বচ্ছতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছে।


শেষে বার্সেলোনা জানায়, ‘ক্লাব আশা করে, তাদের দাবিগুলো সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পর্যালোচনা করা হবে এবং ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।’


আগামী ৩ মার্চ ক্যাম্প ন্যুতে অনুষ্ঠিত হবে দ্বিতীয় লেগ। তবে দ্বিতীয় লেগে ঘুরে দাঁড়িয়ে ফাইনালের টিকিট কাটা বেশ কঠিন বার্সেলোনার জন্য।


thebgbd.com/NIT