ঢাকা | বঙ্গাব্দ

পটুয়াখালীতে মাত্র ১ টাকায় মিলছে ইফতার

  • নিজস্ব প্রতিবেদক | ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
পটুয়াখালীতে মাত্র ১ টাকায় মিলছে ইফতার ফাইল ছবি

পবিত্র রমজানে নিম্ন আয়ের মানুষদের সহজমূল্যে ইফতারের ব্যবস্থা করতে বিশেষ উদ্যোগ হাতে নিয়েছে ‘আমরা কলাপাড়াবাসী’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনটির পক্ষ থেকে মাসজুড়ে মাত্র এক টাকায় সাত পদের ইফতারির ব্যভস্থা করা হয়েছে।


বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকালে পৌর শহরের মনোহরী পট্টিতে সংগঠনের সদস্যরা এ কার্যক্রম শুরু করেন।


সংগঠনের সদস্যরা জানান, সংগঠনের সদস্যরা নিজেরা চাঁদা তুলে প্রতি বছরের মতো এবারও প্রথম রমজানে প্রায় ২০০ জন রোজাদারের মাঝে ইফতারি বিতরণ করা হয়েছে।


এতে আইটেম হিসেবে খেজুর, ছোলা, মুড়ি, পিয়াজু, আলুর চপ, বেগুনি আর জিলাপি রয়েছে। নামমাত্র দামে এ ইফতার কিনতে পেরে খুশি দরিদ্র ও নিম্ন আয়ের মানুষ।


হোসেন নামে এক ক্রেতা জানান, রমজান মাসের শুরু থেকে সব কিছুর দাম বেড়েছে। দোকান থেকে ইফতারি কিনে খেতে একজনের কমপক্ষে ৫০-৬০ টাকা লাগে।


মজুর বেল্লাল হোসেন নামে আরেক ক্রেতা জানান, এ সংগঠনের লোকজন নামমাত্র মূল্যে খাবার দেওয়ায় আমরা কিছুটা হলেও তৃপ্তিসহ ইফতার করতে পারছি।


‘আমরা কলাপাড়াবাসী’ স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি নাজমুস সাকিব জানান, এক টাকা আসলে মূল বিষয় না। মানুষ যাতে এটাকে ত্রাণ বা দান মনে না করে সেজন্য আমরা এক টাকা নিচ্ছি।


২০২০ সালের রমজান মাসে এই উদ্যোগ নেওয়া হয়েছিল। সেই থেকে এখনও কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এর মাধ্যমে নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। এমন উদ্যোগে সমাজের বিত্তবানরা এগিয়ে আসার আহ্বান জানান তিনি।


thebgbd.com/NIT