ঢাকা | বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র তৈরি করছে ইরান

ইরানের কাছে স্বল্প ও মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে। এগুলোর সর্বোচ্চ পাল্লা প্রায় ৩ হাজার কিলোমিটার।
  • অনলাইন ডেস্ক | ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র তৈরি করছে ইরান ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এমন ক্ষেপণাস্ত্র (মিসাইল) তৈরির চেষ্টা করছে যা সরাসরি যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম। মঙ্গলবার তিনি বলেন, তেহরান দূরপাল্লার এমন প্রযুক্তি অর্জনের লক্ষে কাজ করছে যা বিশ্বের খুব কম দেশের কাছে রয়েছে। ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।


স্টেট অফ দ্য ইউনিয়ন ভাষণে ট্রাম্প বলেন, ‘তারা ইতোমধ্যে এমন ক্ষেপণাস্ত্র তৈরি করেছে যা ইউরোপ এবং আমাদের বিদেশের ঘাঁটিগুলোর জন্য হুমকি। এখন তারা এমন ক্ষেপণাস্ত্র তৈরির কাজ করছে যা শিগগিরই আমেরিকায় পৌঁছাতে পারবে।’ ২০২৫ সালে মার্কিন ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি জানিয়েছিল, তেহরান যদি সিদ্ধান্ত নেয় তবে ২০৩৫ সালের মধ্যে তাদের পক্ষে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করা সম্ভব। তবে, ইরান এমন কোনো সিদ্ধান্ত নিয়েছে কি না, তা সংস্থাটি নিশ্চিত করেনি।


মার্কিন কংগ্রেসনাল রিসার্চ সার্ভিসের তথ্য অনুযায়ী, বর্তমানে ইরানের কাছে স্বল্প ও মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে। এগুলোর সর্বোচ্চ পাল্লা প্রায় ৩ হাজার কিলোমিটার (১ হাজার ৮৫০ মাইল)। অন্যদিকে, ইরানের পশ্চিম প্রান্ত থেকে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের দূরত্ব ৬ হাজার মাইলেরও বেশি।


সূত্র: এএফপি


এসজেড