ঢাকা | বঙ্গাব্দ

লালমোহনে ৬ পা বিশিষ্ট বাছুরের জন্ম

  • নিজস্ব প্রতিবেদক | ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
লালমোহনে ৬ পা বিশিষ্ট বাছুরের জন্ম ফাইল ছবি

ভোলার লালমোহনে ছয়টি পা নিয়ে একটি বাছুরের জন্ম হয়েছে। আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্বচর উমেদ গ্রামে এক সৌদি প্রবাসীর বাড়িতে বাছুরটির জন্ম হয়। বিরল এই খবর ছড়িয়ে পড়লে ওই এলাকায় কৌতূহলী মানুষের ভিড় জমেছে।


স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের ডা. আজাহার উদ্দীন রোডের পূর্ব মাথায় বসবাসরত সৌদি প্রবাসী মো. মনিরের পালিত একটি গাভী এই বাছুরটির জন্ম দেয়। জন্মের পর দেখা যায়, বাছুরটির স্বাভাবিক চারটি পা ছাড়াও ঘাড়ের অংশে অতিরিক্ত আরও দুটি পা রয়েছে।


গরুর মালিক মো. শাহাবুদ্দিন মিয়া জানান, ভোরে বাছুরটির জন্ম হওয়ার পর অতিরিক্ত পা দেখে পরিবারটি কিছুটা আতঙ্কিত হয়ে পড়েছিল। তবে বাছুরটি বর্তমানে সুস্থ রয়েছে এবং স্বাভাবিকভাবেই চলাফেরা করছে।


এ বিষয়ে লালমোহন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভেটেরিনারি সার্জন) ডা. মো. গোলাম মোস্তফা জানান, এটি একটি বিরল ঘটনা। তবে শারীরিকভাবে বাছুরটি সুস্থ থাকায় আপাতত কোনো ঝুঁকির আশঙ্কা নেই। তিনি আরও বলেন, “বাছুরটি কিছুটা বড় ও স্থিতিশীল হলে অস্ত্রোপচারের মাধ্যমে ঘাড়ের কাছে থাকা অতিরিক্ত পা দুটি অপসারণ করা সম্ভব।”



বর্তমানে বাছুরটিকে একনজর দেখতে আশপাশের গ্রাম থেকে অসংখ্য মানুষ ভিড় করছেন। চিকিৎসকদের মতে, জিনগত ত্রুটির কারণে অনেক সময় এ ধরনের শারীরিক গঠন হতে পারে, তবে সঠিক যতে্ন বাছুরটি স্বাভাবিকভাবেই বেড়ে উঠতে পারবে।


thebgbd.com/NIT