রংপুরে গর্ভবতী গাভী জবাই করে বিক্রির ঘটনায় এক যুবকের ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারী) দুপুরে তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের তারাগঞ্জ বাজারের গোহাটিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোনাববর হোসেন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এই দণ্ডের আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত ওই যুবকের নাম আক্তারুল ইসলাম। তিনি নীলফামারী জেলার সৈয়দপুর হাজারীহাট পাকাধারা গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।
প্রশাসন জানায়, গর্ভবতী গাভী জবাই করে মাংস বিক্রির খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালে গরু জবাইয়ের ক্ষেত্রে সুস্থতার সনদ দেখাতে পারেনি আক্তারুল। এতে তার ১৫ দিনের কারাদণ্ডের আদেশ দেন আদালত।
তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোনাববর হোসেন বলেন, রমজান ও ঈদকে ঘিরে অসাধু ব্যবসায়ীরা নানা অপকর্ম করেন। তাদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সবাইকে জবাই নিষিদ্ধ পশু জবাই থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। অন্যত্থায় আইনের কঠোর প্রয়োগ করা হবে।
thebgbd.com/NA