ঢাকা | বঙ্গাব্দ

বিপজ্জনক চেইন রি-অ্যাকশন

আন্তর্জাতিক সশস্ত্র সংঘাতে আন্তর্জাতিক মানবিক আইন, বিশেষ করে চারটি জেনেভা কনভেনশন, প্রযোজ্য।
  • অনলাইন ডেস্ক | ০১ মার্চ, ২০২৬
বিপজ্জনক চেইন রি-অ্যাকশন আইসিআরসি

মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনা পুরো অঞ্চলে এক ‘বিপজ্জনক চেইন রি-অ্যাকশন’ সৃষ্টি করছে বলে সতর্ক করেছেন আন্তর্জাতিক রেডক্রস কমিটি (আইসিআরসি) প্রধান।


জেনেভা থেকে এএফপি জানায়, আইসিআরসি প্রেসিডেন্ট মিরজানা স্পোলিয়ারিচ শনিবার এক বিবৃতিতে দেশগুলোর প্রতি যুদ্ধের আইন মেনে চলার আহ্বান জানান এবং ‘আরও মৃত্যু ও ধ্বংস’ ঠেকাতে রাজনৈতিক সদিচ্ছা প্রদর্শনের অনুরোধ করেন। তিনি জোর দিয়ে বলেন, ‘মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা পুরো অঞ্চলে একটি বিপজ্জনক শৃঙ্খল প্রতিক্রিয়া সৃষ্টি করছে, যার ফলে বেসামরিক মানুষের জন্য সম্ভাব্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। যুদ্ধের নিয়ম মেনে চলা কোনো পছন্দের বিষয় নয়, এটি বাধ্যবাধকতা। আন্তর্জাতিক সশস্ত্র সংঘাতে আন্তর্জাতিক মানবিক আইন, বিশেষ করে চারটি জেনেভা কনভেনশন, প্রযোজ্য।’


জেনেভাভিত্তিক আইসিআরসি আন্তর্জাতিক মানবিক আইনের (আইএইচএল) রক্ষক হিসেবে কাজ করে. যার লক্ষ্য সশস্ত্র সংঘাতের প্রভাব সীমিত করা এবং যেসব ব্যক্তি সরাসরি যুদ্ধে অংশ নিচ্ছেন না বা আর অংশ নিচ্ছেন না, তাদের সুরক্ষা নিশ্চিত করা। তিনি বলেন, ‘হাসপাতাল, বাড়িঘর ও স্কুলের মতো বেসামরিক অবকাঠামোকে হামলা থেকে রক্ষা করতে হবে। চিকিৎসাকর্মী ও জরুরি সেবাদানকারীদের নিরাপদে তাদের দায়িত্ব পালনের সুযোগ দিতে হবে।’


স্পোলিয়ারিচ জানান, ইরান, ইসরায়েল এবং অঞ্চলের বিভিন্ন স্থানে আইসিআরসির দল মাঠপর্যায়ে কাজ করছে এবং তাদের দায়িত্বসীমার মধ্যে থেকে প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত। তবে তিনি সতর্ক করে বলেন, ‘নিরবচ্ছিন্ন সংঘাতে সৃষ্ট দুর্ভোগের গতি ও পরিসরের সঙ্গে মানবিক সহায়তা তাল মিলাতে পারে না; শান্তি প্রতিষ্ঠা ও আরও মৃত্যু-ধ্বংস ঠেকাতে রাজনৈতিক সদিচ্ছা অপরিহার্য।’


সূত্র: এএফপি


এসজেড