যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার বলেছেন, রাশিয়ার সঙ্গে সমঝোতায় পৌঁছানোর প্রধান বাধা হচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি দাবি করেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আলোচনায় সহযোগিতামূলক মনোভাব দেখাচ্ছেন। ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
মার্কিন রাজনীতি বিষয়ক সংবাদপত্র পলিটিকো’কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘জেলেনস্কিকে এখনই উদ্যোগ নিতে হবে এবং একটি চুক্তিতে পৌঁছাতে হবে।’ গত বছর হোয়াইট হাউসে এক উত্তপ্ত বৈঠকে ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স প্রকাশ্যে জেলেনস্কিকে সমালোচনা করেন। ট্রাম্প আবারও প্রায় একই সুরেই মন্তব্য করেছেন।
ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, ইউক্রেনের নেতা এখন দুর্বল অবস্থানে আছেন এবং সমঝোতায় পৌঁছাতে তাকে কিছু ছাড় দিতে হতে পারে। তিনি বলেন, ‘ভাবাই যায় না, তিনি একাই বাধা হয়ে দাঁড়িয়েছেন। তার হাতে তেমন কোনো শক্তি নেই। এখন তার শক্তি আরও কমে গেছে। আমার মনে হয়, পুতিন একটি চুক্তিতে পৌঁছাতে প্রস্তুত।’
তিনি দীর্ঘদিন ধরে বলছেন, ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের সহায়তা দেওয়া অপ্রয়োজনীয়। অতীতেও তিনি পুতিনের প্রশংসা করেছেন এবং গত আগস্টে তাকে আলাস্কায় আমন্ত্রণ জানিয়েছিলেন। গত শনিবার ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার প্রেক্ষিতে ট্রাম্প এই মন্তব্য করেছেন। এই সংঘাতে যুক্তরাষ্ট্র ইতোমধ্যে কয়েক বিলিয়ন ডলার খরচ করেছে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: এএফপি
এসজেড