ঢাকা | বঙ্গাব্দ

কিশোরগঞ্জে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থার আশ্বাস তথ্যমন্ত্রীর

  • নিজস্ব প্রতিবেদক | ০৮ মার্চ, ২০২৬
কিশোরগঞ্জে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থার আশ্বাস তথ্যমন্ত্রীর ছবি : সংগৃহীত।


কিশোরগঞ্জে পাগলা মসজিদের নিলাম ডাকের সংবাদ সংগ্রহের সময় দুই সাংবাদিকের ওপর নিলাম সিন্ডিকেটের বর্বরোচিত হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। হামলার ঘটনাটি দুঃখজনক উল্লেখ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেছেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখতে কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে।


আজ রোববার (০৮ মার্চ) দুপুরে সন্ত্রাসী হামলায় আহত কিশোরগঞ্জ সাংবাদিক ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক ও গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি ফয়জুল ইসলাম ভূঁইয়া পিংকুকে ফোন করে এসব কথা বলেন মন্ত্রী।


এ সময় মন্ত্রী পিংকুসহ আহত ২ সাংবাদিকদের চিকিৎসার খোঁজখবর নেন এবং আহত সাংবাদিকদের পাশে থাকার কথাও জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী।


আহত সাংবাদিক ফয়জুল ইসলাম ভূঁইয়া পিংকু বিষয়টি নিশ্চিত করে জানান, ‘মন্ত্রী মহোদয় আমাদের চিকিৎসাসহ সকল বিষয়ে পাশে থেকে সহযোগিতার আশ্বাস দেন।’


উল্লেখ্য, পাগলা মসজিদে নিলাম ডাকের সংবাদ সংগ্রহ করার সময় নিলাম সিন্ডিকেটের হামলার শিকার হন স্থানীয় কয়েকজন সাংবাদিক। তাদের হামলায় গুরুতর আহত হন চ্যানেল টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি খায়রুল আলম ফয়সাল ও গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি ফয়জুল ইসলাম ভূইয়া পিংকু।


এ ঘটনায় ঐদিন রাতে আহত ফয়জুল ইসলাম ভূঁইয়া পিংকু বাদি হয়ে ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০ জনকে আসামি করে কিশোরগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ রাতেই অভিযান চালিয়ে ২ জনকে আটক করে।


কিশোরগঞ্জ মডেল থানার ওসি মো. আবুল কালাম ভূঁইয়া জানান, আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৩ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। আগামী মঙ্গলবার সোমবার (০৯ মার্চ) রিমান্ড আবেদনের শুনানি হবে বলে আদালত সূত্রে জানা গেছে।

 

এদিকে, হামলার ঘটনায় জড়িত অনেক আসামি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং বাদিসহ অন্য সাংবাদিকদের হুমকি দিলেও পুলিশ তাদের গ্রেপ্তার করছে না বলে অভিযোগ করেছেন মামলার বাদি পিংকু। তথ্যমন্ত্রী মোবাইল ফোনে কথা বলার সময় বিষয়টি তাকে জানানো হয়েছে বলেও জানান মামলার বাদি।



thebgbd.com/NA