ঢাকা | বঙ্গাব্দ

নতুন সর্বোচ্চ নেতার নাম ঘোষণার প্রস্তুতি

ট্রাম্প আবারও ইঙ্গিত দিয়েছেন যে প্রয়োজনে ইরানে স্থলসেনা পাঠানো হতে পারে, যদিও তিনি দাবি করেছেন যুদ্ধ কার্যত জয়ের পথে।
  • অনলাইন ডেস্ক | ০৯ মার্চ, ২০২৬
নতুন সর্বোচ্চ নেতার নাম ঘোষণার প্রস্তুতি ইরান।

বিমান হামলায় তেহরানের বিভিন্ন জ্বালানি ডিপো ধ্বংস হয়ে ঘন ধোঁয়ায় রাজধানীর বড় অংশ ঢেকে গেছে। আগুন ছড়িয়ে পড়ার মধ্যে ইরান রোববার নতুন সর্বোচ্চ নেতার নাম ঘোষণার প্রস্তুতি নিচ্ছে। তেহরান থেকে এএফপি জানায়, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি গত সপ্তাহে হামলায় নিহত হওয়ার পর তাঁর উত্তরসূরি নির্বাচন করতে দায়িত্বপ্রাপ্ত ধর্মীয় পরিষদ বিশেষজ্ঞ সভা ইতোমধ্যে সিদ্ধান্ত নিয়েছে, তবে নতুন নেতার নাম এখনো প্রকাশ করা হয়নি।


এই পরিষদের সদস্য আহমদ আলামোলহোদা ইরানের মেহর সংবাদ সংস্থাকে বলেন, ‘নেতা নির্বাচনের ভোট সম্পন্ন হয়েছে এবং নেতা নির্ধারিত হয়েছে।’ তিনি জানান, পরিষদের সচিবালয় শিগগিরই নতুন নেতার নাম ঘোষণা করবে। পরিষদের আরেক সদস্য ইঙ্গিত দিয়েছেন, নিহত নেতার ছেলে মোজতবা খামেনি এই পদে আসতে পারেন। এদিকে ইসরায়েল সতর্ক করে বলেছে, নতুন নেতা বা তাকে নির্বাচিত করা পরিষদের সদস্যদের লক্ষ্যবস্তু করতেও তারা দ্বিধা করবে না।


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ইঙ্গিত দিয়েছেন যে প্রয়োজনে ইরানে স্থলসেনা পাঠানো হতে পারে, যদিও তিনি দাবি করেছেন যুদ্ধ কার্যত জয়ের পথে।


সমাধানের পথ এখনো অস্পষ্ট


বিশ্লেষকদের মতে, এই যুদ্ধ কবে শেষ হবে তার কোনো স্পষ্ট পথ এখনো নেই। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি কর্মকর্তারা বলছেন, সংঘাত অন্তত এক মাস বা তার বেশি সময় চলতে পারে। এদিকে চীনের শীর্ষ কূটনীতিক ওয়াং ই বলেছেন, মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ ‘কখনোই হওয়া উচিত ছিল না’ এবং বিশ্বকে ‘জঙ্গলের আইনে’ ফিরে যাওয়া উচিত নয়।


সূত্র: এএফপি


এসজেড