চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম পর্বে সান্তিয়াগো বার্নাব্যুতে বড় ধাক্কা খেল ম্যানচেস্টার সিটি। প্রথম লেগে ৩-০ গোলে জিতে কোয়ার্টার ফাইনালের পথে এগিয়ে থাকল রিয়াল মাদ্রিদ। ম্যাচ শেষে সিটির কোচ পেপ গার্দিওলা স্বীকার করেছেন, এই অবস্থায় থেকে ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা ‘খুব বেশি নেই’।
বার্নাব্যুতে বুধবার (১১ মার্চ) রাতে ম্যাচের ভাগ্য প্রায় একাই নির্ধারণ করে দেন উরুগুয়ের মিডফিল্ডার ফেদেরিকো ভালভার্দে। প্রথমার্ধেই মাত্র ২২ মিনিটের মধ্যে হ্যাটট্রিক করে তিনি স্তব্ধ করে দেন সিটিকে। ফলে আগামী সপ্তাহে ইতিহাদ স্টেডিয়ামে দ্বিতীয় লেগের আগে কঠিন সমীকরণে পড়ে গেছে ইংলিশ ক্লাবটি।
ম্যাচ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে গার্দিওলা বলেন, ‘এখন সত্যি বলতে সুযোগ খুব বেশি নেই। অবশ্যই আমরা চেষ্টা করব। কোথায় ভুল হয়েছে সেটা বিশ্লেষণ করব এবং আক্রমণভাগে আরও কার্যকর হওয়ার চেষ্টা করব।’
প্রথম লেগে তিন গোলের বড় ব্যবধানে এগিয়ে থাকায় কোয়ার্টার ফাইনালে ওঠার দৌড়ে এখন অনেকটাই এগিয়ে রিয়াল মাদ্রিদ। অন্যদিকে ইতিহাদ স্টেডিয়ামে দ্বিতীয় লেগে ঘুরে দাঁড়াতে ৪-০ ব্যবধানে জিততে হবে সিটিকে। ম্যাচ অতিরিক্ত সময়ে নিতে অন্তত তিন গোলের ব্যবধানে জিততে হবে তাদের। ১৫ বারের চ্যাম্পিয়ন রিয়ালের বিপক্ষে এমন ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা আপাতত দৃষ্টিতে একপ্রকার অসম্ভব। কঠিন সেই চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে গার্দিওলার দল এখন অলৌকিক প্রত্যাবর্তনের আশায়।
ইতিহাদে আগামী মঙ্গলবার (১৭ মার্চ) দ্বিতীয় লেগে রিয়াল-ম্যানসিটি মুখোমুখি হবে বাংলাদেশ সময় রাত ২টায়।
thebgbd.com/NIT