ঢাকা | বঙ্গাব্দ

জাপান ও দ. কোরিয়া সফরে যাচ্ছেন ম্যাক্রোঁ

ম্যাক্রোঁ এর আগে বেশ কয়েকবার জাপান সফর করেছেন। এবার তিনি প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে বৈঠক করবেন।
  • অনলাইন ডেস্ক | ১৩ মার্চ, ২০২৬
জাপান ও দ. কোরিয়া সফরে যাচ্ছেন ম্যাক্রোঁ ইমানুয়েল ম্যাক্রোঁ

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ আগামী ৩১ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত জাপান সফর করবেন। এরপর তিনি দক্ষিণ কোরিয়া যাবেন। শুক্রবার টোকিও ও সিউল এ তথ্য জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।


জাপান সরকারের মুখপাত্র মিনোরু কিহারা বলেন, ‘৩১ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও ফ্রান্সের ফার্স্ট লেডিকে রাষ্ট্রীয় অতিথি হিসেবে গ্রহণ করতে আমরা সম্মত হয়েছি। জাপান ও ফ্রান্স এমন দুটি বিশেষ অংশীদার দেশ যারা মৌলিক মূল্যবোধ ও নীতিমালায় একমত। এই সফর দুই দেশের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতার বন্ধনকে আরও গভীর করবে বলে আমরা আশা করি।’


ম্যাক্রোঁ এর আগে বেশ কয়েকবার জাপান সফর করেছেন। এবার তিনি প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে বৈঠক করবেন। গত বছর দক্ষিণ আফ্রিকায় জি-২০ সম্মেলনে দুজনের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হয়। কিহারা জানান, ফরাসি দম্পতি জাপানের সম্রাট ও সম্রাজ্ঞীর সঙ্গেও সাক্ষাৎ করবেন। এই সফর এমন এক সময়ে হচ্ছে যখন চীন-জাপান সম্পর্কে টানাপোড়েন চলছে। নভেম্বরে তাকাইচি ইঙ্গিত দেন, চীন তাইওয়ান দখলের চেষ্টা করলে টোকিও সামরিক হস্তক্ষেপ করতে পারে। আর ম্যাক্রোঁও গত ডিসেম্বরে চীন সফর করেন।


এদিকে দক্ষিণ কোরিয়া জানিয়েছে, প্রেসিডেন্ট লি জে মিউংয়ের আমন্ত্রণে ম্যাক্রোঁ ২ থেকে ৩ এপ্রিল দেশটিতে রাষ্ট্রীয় সফর করবেন। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় জানায়, ‘নতুন সরকার গঠনের পর ম্যাক্রোঁ হবেন দক্ষিণ কোরিয়ায় রাষ্ট্রীয় সফরে আসা প্রথম ইউরোপীয় নেতা। এটি ২০১৭ সালে দায়িত্ব নেওয়ার পর তার প্রথম দক্ষিণ কোরিয়া সফর এবং কোনো ফরাসি প্রেসিডেন্টের ১১ বছরের মধ্যে প্রথম সফর।’


সূত্র: এএফপি


এসজেড