ঢাকা | বঙ্গাব্দ

কাবুলের হাসপাতালে ‘পাকিস্তানি বিমান হামলায়’ হতাহতে মর্মাহত রশিদ-নবীরা

  • নিজস্ব প্রতিবেদক | ১৭ মার্চ, ২০২৬
কাবুলের হাসপাতালে ‘পাকিস্তানি বিমান হামলায়’ হতাহতে মর্মাহত রশিদ-নবীরা ফাইল ছবি

গতকাল (সোমবার) গভীর রাতে কাবুলের একটি হাসপাতালে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। তাতে অন্তত ৪০০ জন নিহত ও দুইশর বেশি আহত হয়েছেন। আফগানিস্তানের উপ-সরকারি মুখপাত্র হামদুল্লাহ ফিতরাত বলেছেন, স্থানীয় সময় রাত ৯টার দিকে একটি মাদক পুনর্বাসন হাসপাতালে বিমান হামলা চালানো হয়। তাতে ২ হাজার শয্যাবিশিষ্ট হাসপাতালের একটি বড় অংশ ধসে পড়ে। হামলার অভিযোগ প্রত্যাখ্যান করে পাকিস্তান জানায়, কাবুলে তারা কোনো হাসপাতাল লক্ষ্য করে হামলা চালায়নি।


‘পাকিস্তানি বিমান হামলায়’ এত প্রাণহানির ঘটনায় আফগানিস্তান ক্রিকেটাররা মর্মাহত। বিশেষ করে পবিত্র রমজান মাসে এমন হত্যাযজ্ঞের তীব্র নিন্দা জানিয়েছেন দুই তারকা ও সাবেক অধিনায়ক রশিদ খান ও মোহাম্মদ নবী।


এক্স-এ রশিদ লিখেছেন, ‘কাবুলে পাকিস্তানি বিমান হামলায় বেসামরিক হতাহতের সবশেষ খবরে আমি গভীরভাবে মর্মাহত। সাধারণ মানুষের বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান কিংবা চিকিৎসা অবকাঠামো লক্ষ্যবস্তু করা– সেটা হোক ইচ্ছাকৃত কিংবা ভুলবশত– একটা যুদ্ধাপরাধ।’ তিনি আরও বলেছেন, ‘মানুষের জীবনের প্রতি এই চরম অবজ্ঞা, বিশেষ করে পবিত্র রমজান মাসে– এটা অত্যন্ত ঘৃণ্য ও গভীর উদ্বেগের বিষয়। এটা কেবলই বিভক্তি ও ঘৃণা উসকে দেবে। আমি জাতিসংঘ ও অন্য মানবাধিকার সংস্থাগুলোকে সবশেষ নৃশংসতার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করতে ও অপরাধীকে জবাবদিহিতার আওতায় আনতে আহ্বান জানাই। আমি এই কঠিন সময়ে আফগান জনগণের সঙ্গে আছি। আমরা ঠিক সেরে উঠব এবং একটি জাতি হিসেবে জেগে উঠব। যেটা আমরা সবসময় করি, ইনশাআল্লাহ!’


সাবেক আফগানিস্তান অধিনায়ক নবী বলেছেন, ‘আজ রাতে কাবুলে একটি হাসপাতালে আশার আলো নিভে গেল। চিকিৎসা নিতে আসা তরুণরা পাকিস্তানি সামরিক শাসকদের বোমা হামলায় নিহত হলো। মায়েরা দরজার সামনে দাঁড়িয়ে তাদের সন্তানদের নাম ধরে ডাকছিলেন। রমজানের ২৮তম দিনে তাদের জীবন স্তব্ধ হয়ে গেল।’


একইভাবে আফগানিস্তানের টি-টোয়েন্টি দলের অধিনায়ক ইব্রাহিম জাদরান পাকিস্তানের বিমান হামলার নিন্দা জানিয়েছেন। এক্স-এ তিনি লিখেছেন, ‘আজ কাবুলে একটি বড় বিস্ফোরণের আওয়াজ শুনলাম। কিছুক্ষণ পরই আগুনের শিখা আকাশের দিকে উঠতে থাকল। আগামীকাল রোজার নিয়ত করা আমাদের ভাইদের অনেকে নিহত ও আহত হয়েছেন। আজ রাতে শোকাহত প্রতিটি পরিবারের প্রতি আমার সমবেদনা। কাবুল বেদানসিক্ত। আমরা ন্যায়বিচারের দোয়া করছি।’


thebgbd.com/NIT