ঢাকা | বঙ্গাব্দ

জামালপুরে ফিতরার টাকা দেওয়ার কথা বলে বৃদ্ধাকে ধর্ষণ, গ্রেপ্তার বৃদ্ধ

  • নিজস্ব প্রতিবেদক | ১৭ মার্চ, ২০২৬
জামালপুরে ফিতরার টাকা দেওয়ার কথা বলে বৃদ্ধাকে ধর্ষণ, গ্রেপ্তার বৃদ্ধ ছবি : সংগৃহীত।

জামালপুরের মেলান্দহে ফিতরার টাকা দেওয়ার কথা বলে ৫৭ বছর বয়সী এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত আব্দুল গফফার (৬০) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। 


মঙ্গলবার (১৭ মার্চ) অভিযুক্ত গফফারকে কারাগারে পাঠান আদালত। অভিযুক্ত আব্দুল গফফার মেলান্দহ উপজেলার জগৎপাট্টা এলাকার বাসিন্দা।


এর আগে রোববার দুপুর আড়াইটার দিকে এই ধর্ষণের ঘটনা ঘটে। ঘটনার পর থানায় অভিযোগ দায়ের করেন ওই ভুক্তভোগী।


অভিযোগে উল্লেখ করা হয়- পবিত্র রমজান মাসে যাকাত ও ফিতরার সহায়তা নিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন বৃদ্ধা। যাকাত সংগ্রহের উদ্দেশ্যে ওই এলাকায় গেলে গফফার তাকে ফিতরার টাকা দেওয়ার কথা বলে নিজের বাড়িতে নিয়ে যান। পরে বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে গফফার তাকে ধর্ষণ করে।


অভিযোগে আরও উল্লেখ করা হয়- ঘটনার পর কোনোভাবে সেখান থেকে বের হয়ে বাড়িতে ফিরে বিষয়টি স্থানীয় লোকজন ও স্বজনদের জানান বৃদ্ধা। স্থানীয়ভাবে সমাধানের আশ্বাস পেলেও কোনো সুরাহা না হওয়ায় পরিবারের সঙ্গে পরামর্শ করে তিনি থানায় অভিযোগ দায়ের করেন।


এ বিষয়ে মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, ‘লিখিত অভিযোগ পাওয়ার পর গতকাল অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাকে আদালতে পাঠানো হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’


thebgbd.com/NA