ঢাকা | বঙ্গাব্দ

আমেরিকাকে বয়কট করবো, বিশ্বকাপ নয়: ইরানের ফুটবলপ্রধান

  • নিজস্ব প্রতিবেদক | ১৯ মার্চ, ২০২৬
আমেরিকাকে বয়কট করবো, বিশ্বকাপ নয়: ইরানের ফুটবলপ্রধান ছবি: সংগৃহীত।

আসন্ন ফুটবল বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর চিন্তা করছে না ইরান জাতীয় ফুটবল দল। তবে যুক্তরাষ্ট্রে না যাওয়ার সিদ্ধান্তে এখনও অনড় দেশটি। ইরান ফুটবল ফেডারেশনের প্রধান মেহদি তাজ সাফ জানিয়েছে, ‘আমরা আমেরিকাকে বয়কট করবো, কিন্তু বিশ্বকাপকে নয়।’


আগামী ১১ জুন পর্দা উঠবে ফুটবল বিশ্বকাপের। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা যৌথভাবে আয়োজন করবে বৈশ্বিক এই টুর্নামেন্টটি। পূর্ব সূচি অনুযায়ী ইরানের গ্রুপ পর্বের দুটি ম্যাচ হওয়ার কথা যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে এবং একটি সিয়াটলে।


মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে ইরানের বিশ্বকাপ খেলা নিয়ে বড় শঙ্কা দেখা দিয়েছে। সাম্প্রতিক সময়ে ইসরায়েলের সঙ্গে মিলে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের বিমান হামলা এবং সেই ঘটনায় ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুতে পরিস্থিতি চরম আকার ধারণ করেছে।


এরই মাঝে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে জানান, ইরান বিশ্বকাপে অংশ নিতে পারে, তবে তাদের ‘নিজেদের জীবন ও নিরাপত্তার স্বার্থে’ যুক্তরাষ্ট্রে খেলা হয়তো ঠিক হবে না। ট্রাম্পের এই প্রচ্ছন্ন হুমকির পরই নড়েচড়ে বসেছে ইরান ফুটবল ফেডারেশন। তারা ইতিমধ্যে ফিফার সঙ্গে আলোচনা শুরু করেছে যেন তাদের ম্যাচগুলো মেক্সিকোতে সরিয়ে নেওয়া হয়।


এদিকে ইরানের বিশ্বকাপের প্রস্তুতিও থেমে নেই। তুরস্কে অনুশীলন ক্যাম্প করছে ইরান দল। সেখানে দুটি প্রীতি ম্যাচও খেলবে তারা। ২৭ মার্চ নাইজেরিয়ার বিপক্ষে এবং চার দিন পর কোস্টারিকার বিপক্ষে খেলবে আন্তালিয়ায়, চার জাতির একটি আমন্ত্রণমূলক টুর্নামেন্টে। মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে প্রতিযোগিতাটি জর্ডান থেকে সরিয়ে তুরস্কে নেওয়া হয়েছে।



thebgbd.com/NA