ঢাকা | বঙ্গাব্দ

বাংলাদেশের ক্রিকেটে মাশরাফির অবদান লেখা থাকবে : বিসিবির সহ সভাপতি

  • নিজস্ব প্রতিবেদক | ২৬ মার্চ, ২০২৬
বাংলাদেশের ক্রিকেটে মাশরাফির অবদান লেখা থাকবে : বিসিবির সহ সভাপতি ফাইল ছবি

বাংলাদেশ জাতীয় দলের সফল অধিনায়ক বলা হয় মাশরাফি বিন মুর্তজাকে। ক্রিকেটে খেলোয়াড় থাকাকালে যুক্ত হয়েছিলেন রাজনীতির সঙ্গে, পরে হয়েছিলেন সংসদ সদস্যও। ২০২৪ সালের আগস্টে তার দল আওয়ামী লীগের পতনের পর থেকেই আড়ালে রয়েছেন তিনি।

একসময় বিসিবির শীর্ষ পদে মাশরাফিকে নিয়ে আলোচনা চললেও ২০২৪ সালের পর থেকে কোনো কথাই হয় না তাকে নিয়ে। এবার তাকে নিয়ে মুখ খুললেন বিসিবির সহ সভাপতি ফারুক আহমেদ। আজ (বৃহস্পতিবার) স্বাধীনতা দিবস প্রীতি ম্যাচ শেষে তিনি মুখোমুখি হন গণমাধ্যমের।

অধিনায়ক হিসেবে মাশরাফি যে অপ্রতিদ্বন্দ্বী তা জোর দিয়ে বললেন ফারুক, ‘মাশরাফির ব্যাপারটি তো আমি জানি না। ওর আইনগত কোনো জটিলতা আছে কিনা আমার জানা নেই। মাশরাফি অধিনায়ক হিসেবে কী করেছে বাংলাদেশের জন্য! আমার সম্পর্কে অনেক কথা বলবেন, এটা বললেও কিন্তু বাংলাদেশের ক্যাপ্টেন থেকে বাদ দিতে পারবেন না। কারণ এটা হয়ে গেছে।’

ওয়ানডেতে সাবেক অধিনায়কের অবদান প্রসঙ্গে তিনি বললেন, ‘বাংলাদেশের ক্রিকেটে মাশরাফির যে অবদান ছিল, এটা লেখা থাকবে। বাংলাদেশের ওয়ানডে ক্রিকেট আজকে যে অবস্থানে বা ওর সময়ে যে জায়গায় আমরা দাঁড়িয়ে ছিলাম, পুরো দলটাকে একত্র করায় তার বিরাট ভূমিকা ছিল। এসব বিবেচনায় তার যদি অন্য কোনো সমস্যা না থাকে, বোর্ডে আসতে পারলে আসবে। আমি আসালে এটার দায়িত্বে না।’

পরে প্রীতি ম্যাচ নিয়ে ফারুক বলেন, ‘এই ম্যাচের থেকে আমাদের কোথাও কোনো প্রমোশন-ডিমোশন হবে না। কিন্তু এটা একটা বড় ব্যাপার যে একটা বিরাট মিলনমেলা হয়েছে আমাদের। সবার সাথে অনেকদিন পর, অনেকের সাথে আমার অনেকদিন পরে দেখা হয়েছে। রফিক, তারপরে ওপেনিংয়ে আশরাফুলও ভালো করেছে। এদিক থেকে ইলিয়াস সানি তো পাঁচটা উইকেট পেয়েছে। আমার মনে হয় যে ম্যাচটা একপেশে হয়ে গেছে।’


thebgbd.com/BYB