বগুড়ার শেরপুরে তিনটি ট্রাক ও একটি যাত্রীবাহী বাসের ত্রিমুখী সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।|
শনিবার (২৮ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের কবরস্থান সংলগ্ন ঢাকা–বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ রইচ উদ্দিন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি খালি ট্রাক মহাসড়কে ইউ-টার্ন নেওয়ার সময় দ্রুতগতিতে আসা ঢাকাগামী আলুবোঝাই একটি ট্রাক সেখানে পৌঁছে যায়। সংঘর্ষ এড়াতে চেষ্টা করলেও পেছন থেকে আসা আরেকটি ট্রাক সেটিকে জোরে ধাক্কা দেয়। এতে সামনের ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
এরইমধ্যে পেছন থেকে আসা একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির পেছনে ধাক্কা দিলে একাধিক যানবাহনের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজে অংশ নেন এবং পুলিশকে খবর দেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান। গুরুতর আহত দুজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এদিকে দুর্ঘটনার কারণে ঢাকা–বগুড়া মহাসড়কের এক পাশে প্রায় তিন কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, ফলে যাত্রী ও চালকদের ভোগান্তিতে পড়তে হয়।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার কাজ চলছে এবং আপাতত সার্ভিস লেন দিয়ে ধীরগতিতে যান চলাচল করছে।
thebgbd.com/NIT