সিরিয়া বাহিনী ইরাক থেকে ছোড়া ড্রোন হামলা প্রতিহত করেছে। দেশটিতে অবশিষ্ট মার্কিন ঘাঁটিগুলোর একটিকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়। রোববার সিরিয়ার সহকারী প্রতিরক্ষা মন্ত্রী সিপান হামো বলেন, ‘আজ সকালে আমাদের ভূখণ্ডে অবস্থিত কাসরাকের মার্কিন ঘাঁটিতে চারটি ড্রোন দিয়ে হামলা চালানো হয়। এগুলো ইরাকের ভেতর থেকে উৎক্ষেপণ করা হয়।’ সব ড্রোন ভূপাতিত করা হয়েছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। দামেস্ক থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
হামো বলেন, ‘এই হামলার জন্য আমরা ইরাককে দায়ী করছি। ভবিষ্যতে এ ধরনের হামলা ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তাদের প্রতি আহ্বান জানাচ্ছি।’ এর আগের দিন সিরিয়ার সেনাবাহিনী জানায়, ইরাক থেকে ছোড়া আরেকটি ড্রোন হামলা প্রতিহত করা হয়েছে। সেটির লক্ষ্য ছিল দক্ষিণ-পূর্বাঞ্চলের আল-তানফ ঘাঁটি, যেখানে আগে মার্কিন সেনারা অবস্থান করত।
চলতি সপ্তাহের শুরুতে সিরিয়ার সেনাবাহিনী আরও জানায়, উত্তর-পূর্বাঞ্চলের একটি ঘাঁটিতে ইরাক থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এক ইরাকি কর্মকর্তা বলেন, এ ঘটনায় একটি স্থানীয় সশস্ত্র গোষ্ঠী জড়িত। ওই হামলার ঘটনায় চার জনকে গ্রেপ্তার করেছে ইরাক।
২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার পর শুরু হওয়া ভয়াবহ এই সংঘাতে ইরাকও জড়িয়ে পড়েছে। এতে মধ্যপ্রাচ্যের বিস্তীর্ণ অঞ্চল অস্থির হয়ে উঠেছে। ইরানপন্থী ইরাকি গোষ্ঠীগুলো ইরাকসহ বিভিন্ন স্থানে মার্কিন স্বার্থে হামলার দায় স্বীকার করেছে। এর পাল্টা জবাবে এই সব গোষ্ঠীকেও লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
সাম্প্রতিক মাসগুলোতে আল-তানফ ঘাঁটি ছাড়াও উত্তর-পূর্বাঞ্চলের হাসাকেহ প্রদেশের শাদাদি ঘাঁটি থেকে মার্কিন বাহিনী সরে গেছে। কাসরাক ঘাঁটি থেকেও তাদেরকে প্রত্যাহার শুরু হয়েছে।
সূত্র: এএফপি
এসজেড