ঢাকা | বঙ্গাব্দ

উপবন এক্সপ্রেস ট্রেনে আগুন

  • নিজস্ব প্রতিবেদক | ৩১ মার্চ, ২০২৬
উপবন এক্সপ্রেস ট্রেনে আগুন ফাইল ছবি

ঢাকা থেকে সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যার ফলে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন শত শত যাত্রী।


মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটের দিকে কমলগঞ্জ উপজেলার শমসেরনগর এলাকার পূর্ব কালিপুর গ্রামে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, চলন্ত ট্রেনটির ইঞ্জিন থেকে মবিল পড়ে আগুনের সূত্রপাত হয় এবং দ্রুত তা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ট্রেনটি দ্রুত থামানো হয়।


হঠাৎ আগুন লাগার ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হলেও বড় ধরনের কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে এ ঘটনায় ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় এবং সিলেট অঞ্চলের সঙ্গে দেশের অন্যান্য অংশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।


রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত ট্রেনটি সরিয়ে নিতে এবং যোগাযোগ স্বাভাবিক করতে সিলেট থেকে একটি বিকল্প ইঞ্জিন পাঠানো হয়েছে। উদ্ধার কাজ শেষে দ্রুত ট্রেন চলাচল পুনরায় চালু করা হবে।


thebgbd.com/NIT