ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গতকাল সোমবার বলেছেন, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে প্রায় অর্ধেকের বেশি লক্ষ্য অর্জিত হয়েছে। তবে, এটি কখন শেষ হবে সে সম্পর্কে তিনি কোনো সময়সীমা উল্লেখ করেননি। খবর বার্তা সংস্থা এএফপি’র।
নেতানিয়াহু মার্কিন কনজারভেটিভ সম্প্রচার মাধ্যম নিউজম্যাক্সকে বলেছেন, ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান তার লক্ষ্যমাত্রার অর্ধেকেরও বেশি পথ অতিক্রম করেছেন। তবে তিনি তার মন্তব্যে যুদ্ধের সমাপ্তির কোনো সুনির্দিষ্ট সময়সীমা উল্লেখ করেননি। তিনি বলেন, বলতে চাইছি, এখানে ‘অর্ধেক’ বলতে কাজের অগ্রগতি বোঝাচ্ছি, সময় অনুযায়ী নয়।’
নেতানিয়াহু বলেছেন, এই যুদ্ধে ইরানের বিপ্লবী গার্ডবাহিনীর ‘হাজারো’ সদস্যকে হত্যা করাসহ বিভিন্ন লক্ষ্য অর্জিত হয়েছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের সামরিক শিল্প ও অস্ত্র উৎপাদনকে প্রায় সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত করেছে।
নেতানিয়াহু এবং ট্রাম্প বারবার অভিযোগ করেছেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির কাছাকাছি রয়েছে। যদিও জাতিসংঘের পারমাণবিক নজরদারি সংস্থা এই দাবিকে সমর্থন করেনি। এছাড়া, গত বছর হামলায় গুরুত্বপূর্ণ স্থান ‘সম্পূর্ণ ধ্বংস’ করে দেওয়ার কথা বলার পরেও এই দাবি করা হয়েছে।
নেতানিয়াহু বলেন, ‘আমি মনে করি, ইরানের শাসনব্যবস্থা অভ্যন্তরীণভাবে ভেঙে পড়বে। তবে এই মুহূর্তে আমরা যা করছি তা হলো, তাদের সামরিক সক্ষমতা, ক্ষেপণাস্ত্র সক্ষমতা, পারমাণবিক সক্ষমতা ধবংস করা এবং ভেতর থেকে তাদের দুর্বল করে দেওয়া।’
সূত্র: এএফপি
এসজেড