ঢাকা | বঙ্গাব্দ

৫ টাকার জন্য খুন, আসামির মৃত্যুদণ্ড

  • নিজস্ব প্রতিবেদক | ৩১ মার্চ, ২০২৬
৫ টাকার জন্য খুন, আসামির মৃত্যুদণ্ড ফাইল ছবি

মাত্র ৫ টাকা দিতে দেরি করায় রাজধানীর ফার্মগেটে এক কেয়ারটেকারকে ছুরিকাঘাতে হত্যার দায়ে মো. কাজল নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (৩১ মার্চ) ঢাকার ১১তম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. নূরুল ইসলাম এই রায় ঘোষণা করেন। ফাঁসির দণ্ডের পাশাপাশি আসামিকে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।


মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৮ সালের ২০ মার্চ সন্ধ্যায় ফার্মগেটের ইন্দিরা রোড এলাকায় এই নৃশংস ঘটনা ঘটে। নিহত জুলহাস মিয়া দীর্ঘ ৩০ বছর ধরে ওই এলাকার একটি বাসায় কেয়ারটেকার হিসেবে কর্মরত ছিলেন। ঘটনার দিন আসামি কাজল তার কাছে ৫ টাকা চাইলে তা দিতে সামান্য দেরি হওয়ায় ক্ষিপ্ত হয়ে কাজল তার নাভির ওপরে ধারালো ছুরি দিয়ে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


এই ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় মামলা করলে পুলিশ কাজলকে গ্রেপ্তার করে। পরদিনই আদালতে নিজের অপরাধ স্বীকার করে জবানবন্দি দেয় কাজল। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ১১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও প্রমাণের ভিত্তিতে আদালত আজ এই ঐতিহাসিক রায় প্রদান করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিল এবং পরে তাকে সাজা পরোয়ানাসহ কারাগারে পাঠানো হয়।


thebgbd.com/NIT