ঢাকা | বঙ্গাব্দ

মালয়েশিয়ায় বিদেশিদের নথি যাচাই, ঝুঁকিতে বাংলাদেশিরা

‘অপারেশন পান্তাউ’-এর আওতায় পরিচালিত এই অভিযানে অংশ নেন ২২২ জন এনফোর্সমেন্ট কর্মকর্তা।
  • অনলাইন ডেস্ক | ০২ এপ্রিল, ২০২৬
মালয়েশিয়ায় বিদেশিদের নথি যাচাই, ঝুঁকিতে বাংলাদেশিরা ফাইল ছবি

মালয়েশিয়ায় গত ২০ থেকে ২৯ মার্চ পর্যন্ত পরিচালিত ১৪৭টি অভিযানে মোট সাত হাজার ১৫৪ জন বিদেশি নাগরিককে জিজ্ঞাসাবাদ ও নথিপত্র যাচাই-বাছাই করেছে দেশটির অভিবাসন বিভাগ। 


এর মধ্যে সবচেয়ে বেশি, তিন হাজার ৩৫৪ জন বাংলাদেশি নাগরিকের নথিপত্র পরীক্ষা করা হয়েছে।


‘অপারেশন পান্তাউ’-এর আওতায় পরিচালিত এই অভিযানে অংশ নেন ২২২ জন এনফোর্সমেন্ট কর্মকর্তা। অভিবাসন বিভাগ তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে এসব তথ্য জানায়।


বিভাগটি জানায়, বিদেশিদের আইনি অবস্থান পর্যবেক্ষণ, বৈধ ভ্রমণ নথি যাচাই এবং অভিবাসন আইন যথাযথভাবে মানা হচ্ছে কি না—তা নিশ্চিত করতেই এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।



কর্তৃপক্ষ আরও জানায়, গোয়েন্দা তথ্য ও ঝুঁকিভিত্তিক বিশ্লেষণের ওপর ভিত্তি করে নির্ধারিত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) অনুসরণ করে অভিযানগুলো স্বচ্ছতা ও পেশাদারত্বের সঙ্গে পরিচালিত হয়েছে।


অভিযানে বাংলাদেশিদের পাশাপাশি অন্যান্য দেশের নাগরিকদেরও নথি যাচাই করা হয়েছে। এর মধ্যে মিয়ানমারের ৭৮২ জন, ইন্দোনেশিয়ার ৭৭৯ জন, পাকিস্তানের ৫১৪ জন, নেপালের ৪৭৮ জন, ভারতের ৩৪০ জন, থাইল্যান্ডের ১৬৯ জন, ফিলিপাইনের ১৫৭ জন, চীনের ১২১ জন এবং ব্রুনাইয়ের ১০৫ জন নাগরিক রয়েছেন।


অভিবাসন বিভাগ জানায়, উৎসবের মৌসুম বিবেচনায় স্থানীয় সংস্কৃতি ও সাধারণ মানুষের ভোগান্তি এড়াতে একটি পরিমিত দৃষ্টিভঙ্গি নেওয়া হয়েছিল। বিশেষ করে জনাকীর্ণ এলাকায় মানুষের স্বাভাবিক চলাচল যেন ব্যাহত না হয়, সেদিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।


বিভাগটি আরও স্পষ্ট করে জানায়, অভিবাসন আইন কার্যকর রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


সূত্র: নিউ স্ট্রেইট টাইমস


thebgbd.com/NIT