শোবিজের চাকচিক্য আর গ্ল্যামার জগতকে আগেই বিদায় জানিয়েছেন আলোচিত শিশুশিল্পী সিমরিন লুবাবা। নিজেকে আমূল বদলে ফেলে ধর্মীয় জীবন যাপনের ঘোষণা দিয়েছিলেন তিনি। এবার সেই পথেই আরও এক ধাপ এগিয়ে জীবনের নতুন এক অধ্যায় শুরু করলেন লুবাবা।
সাম্প্রতিক এক পোস্টকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিয়ের গুঞ্জন জোরালো হলেও, লুবাবা নিজেই বিষয়টি পরিষ্কার করেছেন। সব জল্পনার অবসান ঘটিয়ে লুবাবা জানান, তার বিয়ে নয় বরং পারিবারিকভাবে বাগদান সম্পন্ন হয়েছে।
এর আগে ফেসবুক পোস্টে লুবাবা লিখেছিলেন, ‘আলহামদুলিল্লাহ। দুইটি আত্মা, এক কিবলা। দুনিয়া এবং আখিরাতের জন্য। আল্লাহ আমাকে একজন দ্বীন শেখার সঙ্গী উপহার দিয়েছেন।’
তার এই পোস্টের পর থেকেই নেটিজেনদের মাঝে কৌতূহল তৈরি হয়। অনেকে ধারণা করেছিলেন লুবাবা হয়তো বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।
এক পোস্টে লুবাবা বলেন, ‘আলহামদুলিল্লাহ। আমাদের একটি পরিকল্পনা রয়েছে। দুই পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী ঘরোয়া পরিবেশে আমাদের বাগদান সম্পন্ন হয়েছে।’
বিয়ের আনুষ্ঠানিকতা নিয়ে লুবাবা আরও যোগ করেন, ‘ বাংলাদেশ সরকারের আইন অনুযায়ী নির্ধারিত সময়ে আমাদের বিবাহ সম্পন্ন হবে, ইনশাআল্লাহ। আমরা সকলের কাছে দোয়া প্রার্থী।’
thebgbd.com/NIT