ঢাকা | বঙ্গাব্দ

পরমাণু বোমা বর্ষণের ৮০তম বার্ষিকী, ট্রাম্পকে আমন্ত্রণ

হিরোশিমায় প্রায় ১ লাখ ৪০ হাজার মানুষ এবং নাগাসাকিতে প্রায় ৭৪ হাজার মানুষ মারা যায়।
  • অনলাইন ডেস্ক | ২৯ জানুয়ারি, ২০২৫
পরমাণু বোমা বর্ষণের ৮০তম বার্ষিকী, ট্রাম্পকে আমন্ত্রণ নিহতদের উদ্দেশ্যে হিরোশিমার স্মৃতিস্তম্ভ।

হিরোশিমা ও নাগাসাকি শহরের দুই মেয়র দ্বিতীয় বিশ্বযুদ্ধে শহরদুটিতে পারমাণবিক বোমা হামলার ৮০তম বার্ষিকী উপলক্ষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জাপান সফরের আমন্ত্রণ জানিয়েছেন। বুধবার কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। টোকিও থেকে এএফপি খবর জানায়।


ট্রাম্পের কাছে লেখা এক যৌথ চিঠিতে মেয়ররা তাকে হিবাকুশা (বোমা হামলায় বেঁচে যাওয়া) ব্যক্তিদের কথা সরাসরি শোনার জন্য, শান্তির জন্য তাদের আন্তরিক আকাঙ্ক্ষাকে হৃদয়ে ধারণ করার জন্য এবং পারমাণবিক অস্ত্রের অমানবিকতা সম্পর্কে তার (ট্রাম্পকে) বোধগম্যতা আরো গভীর করার আহ্বান জানিয়েছেন।


বুধবার (২৮ জানুয়ারি) এএফপিকে পাঠানো সেই চিঠির অনুলিপিতে বলা হয়েছে, আমাদের আন্তরিক আশা আপনি পারমাণবিক নির্ভরতার ধারণা থেকে বেরিয়ে আসবেন এবং পারমাণবিক অস্ত্র বিলুপ্তি এবং স্থায়ী বিশ্ব শান্তি বাস্তবায়নে দৃঢ় নেতৃত্ব গ্রহণ করবেন।


১৯৪৫ সালের ৬ এবং ৯ আগস্ট মার্কিন যুক্তরাষ্ট্র জাপানের দু’টি শহর হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা ফেলে। যুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের ঘটনা এই দু’টিই প্রথম। এর কয়েকদিন পর জাপান আত্মসমর্পণ করে। হিরোশিমায় প্রায় ১ লাখ ৪০ হাজার মানুষ এবং নাগাসাকিতে প্রায় ৭৪ হাজার মানুষ মারা যায়। যার মধ্যে অনেকেই বিস্ফোরণ থেকে বেঁচে গেলেও পরবর্তীতে তেজস্ক্রিয়তার প্রভাবে মারা যান। ওয়াশিংটন কখনও এই বোমা হামলার জন্য ক্ষমা চায়নি।


সূত্র: এএফপি


এসজেড