ইকুয়েডরের পুলিশ পেরু সীমান্ত থেকে কলম্বিয়ার দিকে একটি ট্রাকে করে বিপুল পরিমাণ বোমা তৈরির উপকরণসহ একটি বিপুল চালান আটক করেছে। রোববার দেশটির পুলিশের বরাত দিয়ে কুইটো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। পুলিশ জানায়, ট্রাকটি সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহার করা হচ্ছিল।
কলম্বিয়া কয়েক দশকের মধ্যে সবচেয়ে খারাপ নিরাপত্তা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এমন সময় এই বিপুল পরিমাণ বোমা তৈরির উপকরণের চালানটি জব্দ করা হলো। ইকুয়েডরের পুলিশ জানিয়েছে, তারা কলম্বিয়া সীমান্তে একটি অভিযান চালিয়ে ৩ হাজার ৭শ’ ৫০টি বিস্ফোরক ইমালসন কার্তুজ ও বিপুল পরিমাণ বিস্ফোরক জব্দ করেছে।
পুলিশ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক বার্তায় জানিয়েছে, আমরা বিস্ফোরক পদার্থ শনাক্ত করেছি, যা কলম্বিয়ায় সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার জন্য ব্যবহার করার উদ্দেশ্যে তৈরি করা হয়। অভিযানের সময় একজন পুরুষ ও একজন নারীকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাস্থল থেকে প্রাপ্ত ছবিতে দেখা গেছে যে, ছোট ট্রাকটির ভেতরে প্লাস্টিকের ব্যাগে বিস্ফোরক মোড়ানো ছিল।
সান গ্যাব্রিয়েল শহরে একটি নিয়মিত তল্লাশির সময় পুলিশ এই বিস্ফোরক দ্রব্যগুলো জব্দ করে। পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, ‘বিপুল তল্লাশির পর দেখা যায়, গাড়িটিতে প্রচুর পরিমাণে বিস্ফোরক লুকিয়ে রাখা হয়।’
সূত্র: এএফপি
এসজেড