জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দু’একটি পক্ষ ধোঁয়াশা সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে যে ঐক্য রয়েছে, সেটি ভাঙার চেষ্টা চলছে।
শুক্রবার সন্ধ্যায় আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে ‘রাষ্ট্রীয় মদদে মানবতাবিরোধী অপরাধের কৌশল উন্মোচন’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গুম হওয়া ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’ এই সেমিনারের আয়োজন করে।
সালাহউদ্দিন আহমদ বলেন, “গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর মধ্যে যারা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছে, তাদের ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা চলছে। এর মধ্যে বিতর্ক ও সংস্কারের আলোচনা হচ্ছে। তবে নির্বাচনকে ঘিরে যেন কোনো পক্ষ ধোঁয়াশা সৃষ্টি না করে।”
তিনি আরও বলেন, ভোটাধিকার জনগণের গণতান্ত্রিক অধিকার। এ অধিকার ফিরিয়ে আনতে মানুষ ১৬ বছর সংগ্রাম ও রক্ত দিয়েছে। এখন সেই ভোটাধিকার প্রয়োগের পথ সুগম হলেও তা বিঘ্নিত করার প্রচেষ্টা করা হচ্ছে।
সেমিনারে আরও বক্তব্য দেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর কার্যালয়ের জ্যেষ্ঠ মানবাধিকার উপদেষ্টা হুমা খান, মানবাধিকারকর্মী সারা হোসেন, নূর খান লিটন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন, জেএসডির সহসভাপতি তানিয়া রবসহ আরও অনেকে।
গুমের শিকার বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর, এবি পার্টির নেতা নাসরীন সুলতানা, সাবেক সেনা কর্মকর্তা হাসিনুর রহমান ও অনলাইন অ্যাক্টিভিস্ট সাইয়্যেদ আবদুল্লাহও বক্তব্য দেন।
সেমিনারে ‘খুনির ঠিকানা সেনানিবাস, বিচারহীন রাষ্ট্র নিশ্বাস’, ‘খুনি কেন আজও মুক্ত’সহ নানা প্ল্যাকার্ড প্রদর্শিত হয়। এ সময় একটি প্রামাণ্যচিত্রও দেখানো হয়।
thebgbd.com/NIT