ঢাকা | বঙ্গাব্দ

দুইদিনের ছুটি একদিন করার বিষয়ে যা বললেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

  • নিজস্ব প্রতিবেদক | ০৭ সেপ্টেম্বর, ২০২৫
দুইদিনের ছুটি একদিন করার বিষয়ে যা বললেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ফাইল ছবি

প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানের বাৎসরিক ছুটি কমানোর পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।


আজ রোববার (৭ সেপ্টেম্বর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।


তিনি বলেন, ‘আমরা চেষ্টা করছি ছুটি যাতে কিছু কমিয়ে নিয়ে আনা যায়। শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজটা করতে চাই। কারণ বিচ্ছিন্নভাবে এটা করলে হবে না।’


এক্ষেত্রে সাপ্তাহিক ছুটি দুইদিন থেকে কমিয়ে একদিন করার ভাবনা আছে কি-না, এমন প্রশ্নের উত্তরে প্রাথমিক শিক্ষা উপদেষ্টা বলেন, ‘আপাতত লক্ষ্যমাত্রা হচ্ছে ক্যালেন্ডারে ছুটি কিছুটা কমানো। আমরা যদি সাপ্তাহিক ছুটি দুইদিনকে একদিন করতে চাই, সেটা সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান যেহেতু একই রকম-তাই প্রাথমিক বিদ্যালয়ে আলাদাভাবে করা কঠিন। আমাদের ক্যালেন্ডারে যে ছুটি আছে সেক্ষেত্রে আমরা কিছুটা কমিয়ে আনব।’


উপদেষ্টা বলেন, ৩৬৫ দিনের মধ্যে স্কুল খোলা থাকে ১৮০ দিন। খেয়াল করেছেন ব্যাপারটা? পড়াশোনাটা যে হবে স্কুল কত দিন খোলা পাচ্ছি! তাই ক্যালেন্ডারের ছুটি কমানোর পরিকল্পনা করছি। তবে সাপ্তাহিক ছুটি দুদিনই থাকছে। এটি চূড়ান্ত করার পর সবাইকে জানিয়ে দেব।


তিনি আরও বলেন, আমি মনে করি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মূল কাজই হচ্ছে সাক্ষরতা। স্কুলে লেভেলে যদি সাক্ষরতা করতে হয়, কতগুলো প্রতিবন্ধকতা আমাদের পার হতে হচ্ছে। কেন আমরা সহজে এগোতে পারছি না। এই বিষয়গুলো আমি আপনাদের সামনে প্রকাশ করতে চাই।


সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা উপস্থিত ছিলেন।


thebgbd.com/NIT