আলোচিত মডেল ও অভিনেত্রী শবনম ফারিয়া বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বাদ আসর ঢাকার অদূরে মাদানী অ্যাভিনিউতে অবস্থিত মসজিদ আল মুস্তাফায় এক ঘরোয়া পরিবেশে এই বিয়ে সম্পন্ন হয়েছে। শুধুমাত্র দুই পরিবারের ঘনিষ্ঠজনরাই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
শবনম ফারিয়া জানিয়েছেন, তাঁর পাত্রের নাম তানজিম তৈয়ব। তিনি রাজশাহীর ছেলে এবং অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলস থেকে ফিন্যান্সিয়াল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। বর্তমানে একটি শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত আছেন তিনি।
বিয়ে প্রসঙ্গে ফারিয়া বলেন, ‘বিয়ে নিয়ে আমার অনুভূতি বরাবরই জটিল—আতঙ্কের চেয়ে কিছু কম নয়। বিবাহবিষয়ক নানা জটিল অভিজ্ঞতার মধ্য দিয়ে যাওয়ার পর মনে করেছিলাম, এই অধ্যায় হয়তো আমার জীবনে আর আসবে না। তবে সময়ের প্রবাহে এবং পরিবারের আকস্মিক সিদ্ধান্তে এই পরিণয়।’
বিয়ের সিদ্ধান্ত হঠাৎ হওয়ায় ফারিয়ার একমাত্র ননদ দেশের বাইরে থাকায় অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। তবে ফারিয়া জানিয়েছেন, ভবিষ্যতে আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠজনদের নিয়ে একটি সংবর্ধনা অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে।
সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ফারিয়া বলেন, ‘আমাদের নতুন যাত্রার জন্য সবার দোয়া ও শুভকামনা প্রত্যাশা করছি।’
thebgbd.com/NA