ঢাকা | বঙ্গাব্দ

সেনা মহড়া চালিয়েছে ভেনিজুয়েলা

এই মহড়ায় সমুদ্রে কামান নিক্ষেপ করা হয় ও উভচর যানবাহনগুলোকে নৌযান থেকে নামিয়ে তীরে নিয়ে যাওয়া হয়।
  • অনলাইন ডেস্ক | ২৮ সেপ্টেম্বর, ২০২৫
সেনা মহড়া চালিয়েছে ভেনিজুয়েলা ভেনিজুয়েলার সেনা

ভেনিজুয়েলা শনিবার উপকূলীয় অঞ্চলে সামরিক মহড়া চালিয়েছে। যুক্তরাষ্ট্র দেশটির  উপকূলীয় এলাকায় সামরিক রণতরী মোতায়েন করার পর এই মহড়া চালানো হলো, যার ফলে ওই অঞ্চলে সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে। রাজধানী কারাকাস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।


উত্তর-পশ্চিম রাজ্য ফ্যালকন ও উত্তর-পূর্ব রাজ্য সুক্রেতে শনিবারের মহড়াটি প্রাকৃতিক দুর্যোগের প্রস্তুতির জন্য সরকার নির্দেশিত একটি মহড়ার সঙ্গে মিলে গেছে। রাষ্ট্রীয় সম্প্রচারক ভিটিভি-এর ভিডিওতে দেখা গেছে, আরুবা থেকে প্রায় ২৭ কিলোমিটার দক্ষিণে অবস্থিত একটি উপকূলীয় নগরীতে ভেনিজুয়েলাস ন্যাশনাল বলিভারিয়ান আর্মড ফোর্সেস (এফএএনবি) সামরিক সরঞ্জাম স্থানান্তর করছে।


এই মহড়ায় সমুদ্রে কামান নিক্ষেপ করা হয় ও উভচর যানবাহনগুলোকে নৌযান থেকে নামিয়ে তীরে নিয়ে যাওয়া হয়। ট্রাকগুলোতে করে রাশিয়ার তৈরি পেচোরা বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্রগুলো ওই এলাকায় নিয়ে যাওয়া হয়। সেনাবাহিনী ত্রিনিদাদ ও টোবাগোর সীমান্তের কাছে একটি জনবসতিহীন দ্বীপ পাটোস দ্বীপ দখলের জন্য  হেলিকপ্টার ও প্যারাট্রুপার মোতায়েন করে এই মহড়াও পরিচালনা করে।


ভেনিজুয়েলার সশস্ত্র বাহিনীর জেনারেল কমান্ডার জেনারেল ডোমিঙ্গো হার্নান্দেজ লারেজ  জানান, সুক্রেতে এফএএনবি’র একটি মাদকবিরোধী অভিযানে ৫ হাজার ২০০ জনেরও বেশি সৈন্য অংশ নেয়। এতে ৩০ জনকে গ্রেপ্তার ও ১০টি নৌকা জব্দ করা হয়।


শনিবারও সারা দেশে জরুরি মহড়া চালানো হয়, যার প্রথমটি ছিল ভূমিকম্প মহড়া। এই সপ্তাহের শুরুতে ৬.০ মাত্রার উপরে দেশের দুটি ভূমিকম্প হয়।


সূত্র: এএফপি


এসজেড