ঢাকা | বঙ্গাব্দ

শিকলবন্দি অবস্থায় উদ্ধার টঙ্গীর সেই খতিব, কী ঘটেছিল তার সঙ্গে

  • নিজস্ব প্রতিবেদক | ২৩ অক্টোবর, ২০২৫
শিকলবন্দি অবস্থায় উদ্ধার টঙ্গীর সেই খতিব, কী ঘটেছিল তার সঙ্গে ফাইল ছবি

গাজীপুর জেলার টঙ্গী (পূর্ব থানা) এলাকার বিটিসিএল জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতি মুহিব্বুল্লাহ মাদানী নিখোঁজ হওয়ার একদিন পর পঞ্চগড়ে শিকলবন্দি অবস্থায় উদ্ধার হয়েছেন।


বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে পঞ্চগড় শহরের হেলিপ্যাড বাজার এলাকায় একটি গাছের সঙ্গে শিকল দিয়ে বাঁধা অবস্থায় তাকে স্থানীয়রা দেখতে পান। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন, তবে তার জ্ঞান এখনো ফেরেনি বলে চিকিৎসকরা জানিয়েছেন।



মুফতি মুহিব্বুল্লাহর বড় ছেলে মাওলানা আব্দুল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বৃহস্পতিবার সকালে পঞ্চগড় থানার ওসি আব্দুল্লাহ হিল জামান আমার ছোট ভাইকে ফোনে করে বাবাকে পাওয়ার খবর দেন।’


এর আগে বুধবার সকাল থেকে মুফতি মুহিব্বুল্লাহর খোঁজ পাওয়া যাচ্ছিল না। টঙ্গী টিএন্ডটি এলাকার স্থানীয়রা এবং পরিবারে পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, তিনি জুমার নামাজের এক খুতবায় ইসকন সংগঠন সম্পর্কে বক্তব্য দেয়ার পর থেকেই একাধিক হুমকির চিঠি পান। এরপর বুধবার সকাল থেকে তার সঙ্গে পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বুধবার রাতে টঙ্গী পূর্ব থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তার পরিবারের সদস্যরা।


আরও পড়ুন: মর্গের ভেতর তরুণীর মরদেহের সঙ্গে বিকৃত যৌনাচার


পঞ্চগড়ের পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সি বলেন, সদর উপজেলার হেলিবোর্ড বাজার এলাকার স্থানীয় ব্যক্তি সকালে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিয়ে পুলিশকে জানালে পুলিশ তাকে উদ্ধার করে পঞ্চগড় সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। এখনো তার জ্ঞান ফেরেনি।


খবর পেয়ে পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. সাবেত আলী, পঞ্চগড়ের সিভিল সার্জন মো. মিজানুর রহমান হাসপাতালে গিয়ে তার চিকিৎসার খোঁজ নিয়েছেন। এই ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে জরুরি পদক্ষেপ গ্রহণ করেছে জেলা পুলিশ। দ্রুতই এই ঘটনা রহস্য উদঘাটন করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন জেলা প্রশাসক।


এদিকে, এ ঘটনার পর এলাকাজুড়ে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় ধর্মপ্রাণ মানুষ তার দ্রুত সুস্থতা কামনা করছেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত দাবিতে দুপরে পঞ্চগড় জেলা শহরে ইসলামি শাসনতন্ত্র আন্দোলনের পক্ষ থেকে বিক্ষোভ প্রতিবাদের ডাক দিয়েছেন দলের সহ-সভাপতি কারী আব্দুল্লাহ।


thebgbd.com/NIT