ফ্যাসিবাদ পুনঃপ্রতিষ্ঠা পেলে জুলাই বিপ্লব ব্যর্থ হবে বলে হুঁশিয়ার করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।
রোববার (২৩ নভেম্বর) এক ফেসবুক পোস্টে তিনি এমন সতর্ক বার্তা দেন।
ফেসবুক পোস্টে উপদেষ্টা মাহফুজ লিখেছেন, ‘মজলুম জালিম হচ্ছে, ফ্যাসিবাদবিরোধীরা ফ্যাসিবাদী হচ্ছে। পুরো পরিস্থিতি হতাশা ও ক্ষুব্ধতার। জুলুমকে ইনসাফ দিয়ে, সহিংসতাকে দরদ দিয়ে প্রতিস্থাপন না করে যারা নতুন মাত্রার জুলুম ও সহিংসতা করে বেড়াচ্ছেন, তারা ফ্যাসিবাদের পুনর্জাগরণের জন্য দায়ী থাকবেন।’
ভিন্ন মতের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানিয়ে তিনি আরও লিখেছেন, ‘সমাজে, রাষ্ট্রে, চিন্তা ও আচারের বৈচিত্র্যকে বাধাগ্রস্ত করলে ফ্যাসিবাদ পুনঃপ্রতিষ্ঠিত হবে এবং জুলাই বিপ্লব ব্যর্থ হবে। তাসাওফপন্থী, ফকির, বাউলসহ ভিন্নমতাবলম্বীদের ওপর সব ধরনের জুলুম বন্ধ হোক।’
উপদেষ্টা মাহফুজ আলম এমন সময়ে এ ফেসবুক পোস্ট দিয়েছেন, যখন ধর্ম অবমাননার অভিযোগে করা মামলায় গ্রেফতার বাউলশিল্পী আবুল সরকারের ভক্ত-অনুরাগীদের ওপর সকালে মানিকগঞ্জে হামলার ঘটনা ঘটেছে।
thebgbd.com/NIT