আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গত রোববারের শুনানিতে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ও আসামিপক্ষের আইনজীবী নাজনীন নাহারের মধ্যে তর্ক-বিতর্ক ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। শুনানির একপর্যায়ে আইনজীবী নাজনীন নাহারকে উদ্দেশ্য করে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, ‘আপনি চুপ থাকুন। কথা বলবেন না। আপনাকেও আসামি করা হতে পারে।’ খবর বিবিসি
মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের চারটি আবেদন শুনানির সময় আইনজীবী নাজনীন নাহার অভিযোগ করেন, তার মক্কেলকে সেফহাউজে জিজ্ঞাসাবাদের সময় আইনগত নিয়ম মানা হয়নি এবং তাকে (নাজনীন নাহার) অবহিতও করা হয়নি। তিনি জানান, জিজ্ঞাসাবাদের দিন তাকে নির্ধারিত কক্ষে ঢুকতে দেয়া হয়নি, বরং পাশের আরেক কক্ষে বসতে বলা হয়।
আরেক অভিযোগে তিনি জানান, তদন্ত দলের বাইরে গুম সংক্রান্ত কমিশনের সদস্য নাবিলা ইদ্রিস জিজ্ঞাসাবাদের সময় উপস্থিত ছিলেন এবং আসামিকে হুমকিসূচক কথা বলেন, যা আইনবহির্ভূত।
এই বক্তব্যের পর উভয়পক্ষে উত্তেজনা সৃষ্টি হলে চিফ প্রসিকিউটর নাজনীন নাহারকে বলেন, ‘আপনি চুপ থাকুন। কথা বলবেন না। আপনাকেও আসামি করা হতে পারে। বিভিন্ন জায়গা থেকে আপনার বিরুদ্ধে অভিযোগ পাচ্ছি।’
এ সময় ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার প্রসিকিউটরকে স্মরণ করিয়ে দেন যে তিনি একজন আইনজীবীর সঙ্গে আদালতে কথা বলছেন।
ঘটনা নিয়ে নাজনীন নাহার কোনও মন্তব্য করতে চাননি। তার ভাষায়, যা হয়েছে, ওপেন কোর্টেই হয়েছে। এ বিষয়ে কিছু বললে আদালতকে অসম্মান করা হবে। চিফ প্রসিকিউটর তাজুল ইসলামও এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।
thebgbd.com/NIT