ঢাকা | বঙ্গাব্দ

সিডনির ২ হামলাকারী ভারতীয়

দুই বন্দুকধারীর একজন— সাজিদ আকরাম (৫০) ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তেলেঙ্গানার রাজধানী হায়দরাবাদের বাসিন্দা ছিলেন।
  • অনলাইন ডেস্ক | ১৬ ডিসেম্বর, ২০২৫
সিডনির ২ হামলাকারী ভারতীয় গুলিবর্ষণের ফুটেজ।

সিডনির বন্ডি বিচে গুলি চালিয়ে ১৫ জনকে হত্যা ঘটনায় জড়িত দুই বন্দুকধারীর একজন— সাজিদ আকরাম (৫০) ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তেলেঙ্গানার রাজধানী হায়দরাবাদের বাসিন্দা ছিলেন বলে নিশ্চিত করেছে ভারতীয় পুলিশ। 


রোববার অস্ট্রেলিয়ার সবচেয়ে ভয়াবহ গণহত্যার একটিতে নিহতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ৫০ বছর বয়সী আকরামও রয়েছেন, যিনি পুলিশের গুলিতে ঘটনাস্থলেই মারা যান। এছাড়াও তার ২৪ বছর বয়সি ছেলে নাভিদ আকরাম পুলিশের গুলিতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 


মঙ্গলবার তেলেঙ্গানা রাজ্য পুলিশ এক বিবৃতিতে বলেছে, ‘সাজিদ আকরাম ১৯৯৮ সালে অস্ট্রেলিয়ায় পাড়ি জমান এবং ভারত ত্যাগের আগে তার বিরুদ্ধে কোনও অপরাধের রেকর্ডও নেই। এ পর্যন্ত পারিবারিক কারণে ছয়বার ভারত সফর করেছেন তিনি। তবে পরিবারের সদস্যরা তার উগ্র মানসিকতা বা কার্যকলাপ সম্পর্কে, অথবা কোন পরিস্থিতিতে তিনি উগ্রবাদে জড়িয়েছেন, সে সম্পর্কেও তারা কিছু জানেন না।’ হামলায় জড়িত দুই বন্দুকধারীর উগ্রবাদে আকৃষ্ট হওয়ার পেছনে ভারত বা তেলেঙ্গানার সঙ্গে কোনও সম্পর্ক নেই বলে মনে করে তেলেঙ্গানা পুলিশ। 


এদিকে অস্ট্রেলিয়ান পুলিশ জানিয়েছে, গত মাসে ফিলিপাইন ভ্রমণ করেন সাজিদ আকরাম ও তার ছেলে নাভিদ আকরাম। এসময় সাজিদ ভারতীয় পাসপোর্টে এবং ছেলে নাভিদ অস্ট্রেলীয় পাসপোর্ট ব্যবহার করেন। তাদের এই ভ্রমণের উদ্দেশ্য তদন্ত করে দেখছেন তারা, হামলাকারী এই বাবা-ছেলে কোনও সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে যুক্ত কি না বা তারা ফিলিপাইনে এ বিষয়ে প্রশিক্ষণ নিয়েছিল কিনা তা এখনও স্পষ্ট নয়।


ফিলিপিইনের অভিবাসন বিভাগ নিশ্চিত করেছে, বাবা ও ছেলে নভেম্বরের প্রায় পুরো মাস ফিলিপাইনে কাটিয়েছেন, বাবা একজন ভারতীয় নাগরিক হিসেবে দেশে প্রবেশ করেছেন। দেশটির অভিবাসন মুখপাত্র ডানা স্যান্ডোভাল এএফপিকে বলেন, ‘ভারতীয় নাগরিক ৫০ বছর বয়সী সাজিদ আকরাম এবং অস্ট্রেলিয়ার নাগরিক ২৪ বছর বয়সী নাভিদ আকরাম গত ১ নভেম্বর অস্ট্রেলিয়ার সিডনি থেকে ফিলিপাইনে আসেন এবং ২৮ নভেম্বর ম্যানিলা ত্যাগ করেন। তাদের এই ভ্রমণের বিষয়ে তদন্ত শুরু করছে ফিলিপাইন পুলিশ।’


সূত্র: এএফপি, ডন


এসজেড