ঢাকা | বঙ্গাব্দ

নিষেধাজ্ঞার শঙ্কায় সেনেগালের খেলোয়াড়রা

  • নিজস্ব প্রতিবেদক | ২০ জানুয়ারি, ২০২৬
নিষেধাজ্ঞার শঙ্কায় সেনেগালের খেলোয়াড়রা ফাইল ছবি

মরক্কোর রাজধানী রাবাতে রোববার (১৮ জানুয়ারি) আফ্রিকা কাপ অব নেশন্সের নাটকীয় ফাইনালে মরক্কোকে হারিয়ে শিরোপা জেতে সেনেগাল। ম্যাচের একটি সময়ে রেফারির পেনাল্টি সিদ্ধান্ত নিয়ে মাঠে উত্তেজনা তৈরি হয়। সেনেগালের কোচ থিয়াও খেলোয়াড়দের মাঠ ছাড়ার নির্দেশ দিলে খেলা কিছুক্ষণ বন্ধ থাকে। যদিও পরে মাঠ ফিরে গিয়ে শিরোপা জেতে সেনেগাল।


ফাইনালে সেনেগালের এমন আচরণ তাদের বিপদের দিকে ঢেলে দিতে পারে। ইউরোপের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সেনেগাল বড় ধরনের শাস্তি পেতে পারে। তবে আসন্ন ফিফা বিশ্বকাপে খেলা নিয়ে তাদের কোনো শঙ্কা নেই।


এদিকে শুধু সেনেগালের দল যে এমন আচরণ করেছে তা নয়, তাদের সমর্থকরাও রাবাতে প্রিন্স আবদেল্লাহ স্টেডিয়ামের গ্যালারিতেও পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান।


আফ্রিকা কাপ অব নেশন্সের টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, সেনেগাল দল, তাদের সমর্থক এবং তাদের স্টাফরা মিলে ফাইনালে যে বিশৃঙ্খলা ঘটিয়েছেন, সে জন্য দেশটির ফুটবল ফেডারেশনকে ৫০ হাজার থেকে ১ লাখ ইউরো জরিমানা করা হতে পারে। পাশাপাশি এ ঘটনায় জড়িত কোচ ও খেলোয়াড়েরা চার থেকে ছয় মাস পর্যন্ত নিষিদ্ধ হতে পারেন। যার মানে, এমন শাস্তি হলে সেনেগালের অনেকেরই বিশ্বকাপ খেলতে পারবে না।


ফাইনালের কয়েক ঘণ্টা পর ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এক বিবৃতিতে সেনেগালকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি এমন ঘটনার নিন্দাও করেছেন। এমন ঘটনা যেন আগামীতে না ঘটে, এমন সতর্ক বার্তাও দিয়েছেন তিনি।


আফ্রিকান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (সিএএফ) জানিয়েছে, ফাইনালে বিশৃঙ্খলা তৈরির ঘটনায় দোষীদের যথাযোগ্য শাস্তি দেয়া হবে।


thebgbd.com/NIT