ঢাকা | বঙ্গাব্দ

গোলের বন্যায় লিভারপুল ও বার্সেলোনার শেষ ষোলো নিশ্চিত

  • নিজস্ব প্রতিবেদক | ২৯ জানুয়ারি, ২০২৬
গোলের বন্যায় লিভারপুল ও বার্সেলোনার শেষ ষোলো নিশ্চিত ফাইল ছবি

আর্সেনাল ও বায়ার্ন মিউনিখ সবার আগে শেষ ষোলোর টিকিট কেটেছিল। সেরা ৮ দলের একটি হয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় যাওয়ার সুযোগ ছিল আরও বেশ কয়েকটি দলের। সফল হলো লিভারপুল, টটেনহ্যাম, বার্সেলোনা, চেলসি, স্পোর্টিং সিপি ও ম্যানচেস্টার সিটি। এদের মধ্যে লিভারপুল ও বার্সেলোনা বইয়েছে গোলবন্যা।

লিগপর্বের শেষ ম্যাচে অ্যানফিল্ডে লিভারপুল আজ মুখোমুখি হয়েছিল কারাবাগ এফকের। ৫ জনের গোলে ৬-০ ব্যবধানে জিতেছে তারা। এরমধ্যে ম্যাক অ্যালিস্টার করেছেন জোড়া গোল, একটি করে করেন ফ্লোরিয়ান উইর্টজ, মোহামেদ সালাহ, হুগো একিতেকে, ফেদেরিকো চিয়েজা। ৮ ম্যাচে ৬ জয় ও ২ হারে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলে তিনে তাদের স্থান।

বার্সেলোনা নিজেদের মাঠে কোপেনহেগের মুখোমুখি হয়ে হারিয়েছে ৪-০ গোলে। রবার্ট লেওয়ান্ডেভস্কি, লামিন ইয়ামাল, রাফিনহা ও মার্কাস রাশফোর্ড একটি করে গোল করেছেন। ৫ জয়ে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলে তারা আছে ৫ নম্বরে। চারে আছে টটেনহ্যাম, শেষ ম্যাচে এইনট্রাঙ্ক ফ্রাঙ্কফুর্টকে তারা হারিয়েছে ২-০ গোলে।

৬, ৭ ও ৮-এ আছে যথাক্রমে চেলসি, স্পোর্টিং সিপি ও ম্যানচেস্টার সিটি। নবম থেকে ২৪তম স্থানে থাকা দলগুলো দুই লেগের প্লে-অফ খেলবে। এই দলগুলো হলো রিয়াল মাদ্রিদ, ইন্টার মিলান, পিএসজি, নিউক্যাসল, জুভেন্টাস, অ্যাতলেটিকো মাদ্রিদ, আটালান্টা, রেভারকুসেন, ডর্টমুন্ড, অলিম্পিয়াকোস, ক্লাব ব্রুগ, গ্যালাতসারে, মোনাকো, কারাবাগ, বোদো/গ্লিমট ও বেনফিকা। এর মধ্যে বিজয়ী আটটি দল পাবে শেষ ষোলোর বাকি আটটি টিকেট।

thebgbd.com/NIT